কলকাতা

এসআইআর ঘিরে রাজনৈতিক টানাপোড়েন,আজ রাজ্যপালের কাছে শুভেন্দু অধিকারী

পাশাপাশি লোক ভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী।

Truth of Bengal: এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য রাজনীতিতে চাপানউতোর তুঙ্গে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর পর্বে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে সরাসরি নির্বাচন কমিশনের কাছে, অন্যদিকে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা একই এসআইআর ইস্যুতে রাজ্য প্রশাসনকে চাপে ফেলতে আজ সমস্ত জেলার জেলা শাসকদের কাছে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি লোক ভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী।

বিজেপির অভিযোগ, রাজ্য সরকারের কিছু আধিকারিক ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিচ্ছেন। সামান্য ত্রুটির অজুহাতে সাধারণ ভোটারদের অযথা হয়রানি করা হচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। এই অভিযোগে আগেই রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি পাঠিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিঠিতে ৪ তারিখ সাক্ষাতের সময় চাওয়া হলেও সূত্রের খবর, মুখ্য সচিব পাল্টা চিঠিতে জানিয়ে দেন যে ৪ তারিখ নয়, ৬ তারিখ সময় দেওয়া সম্ভব। তবে ৬ তারিখ বিধানসভার অধিবেশন চলায় সেই দিন সাক্ষাৎ সম্ভব নয়,এই মর্মে আবার চিঠি পাঠান শুভেন্দু অধিকারী। কিন্তু সেই দ্বিতীয় চিঠির কোনও উত্তর নবান্ন থেকে মেলেনি বলে দাবি বিজেপির।

এই পরিস্থিতিতে সোমবার বিকেল চারটে নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির প্রতিনিধিরা লোক ভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এসআইআর ইস্যুতে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ চাওয়াই এই সাক্ষাতের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে বিজেপি।

Related Articles