দেশ

‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’, এসআইআর ইস্যুতে বিরোধীদের পাল্টা বার্তা বিজেপির

অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া এবং দেশ থেকে বিতাড়ন—এই নীতির পক্ষেই সরব বিজেপি।

Truth of Bengal: এসআইআর বিরোধী আন্দোলনকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা করছে বিরোধীরা। আর এবার সেই আন্দোলনের পাল্টা প্রচারে সরাসরি মাঠে নামল গেরুয়া শিবির। রাহুল গান্ধী-সহ ইন্ডি জোটের বিক্ষোভের মোকাবিলায় এসআইআরের সমর্থনে প্রচার শুরু করেছে বিজেপি। আর এই প্রচারের মূল হাতিয়ার ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ নীতি।

অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, ভোটার তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া এবং দেশ থেকে বিতাড়ন—এই নীতির পক্ষেই সরব বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেও একাধিকবার এই অবস্থান স্পষ্ট করেছেন। এবার এসআইআর বিরোধী আন্দোলনের আবহেও সেই পুরনো অবস্থানেই অনড় থাকার বার্তা দিল গেরুয়া শিবির।

শনিবার সমাজমাধ্যমে বিজেপির একটি পোস্ট ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহের ছবির সঙ্গে পোস্টে লেখা হয়েছে, ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’। বিজেপির বার্তা, বিরোধীদের প্রতিবাদ সত্ত্বেও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অবস্থান থেকে তারা সরবে না।

অন্যদিকে, বিরোধীদের এসআইআর বিরোধী আন্দোলনকে অনুপ্রবেশকারীদের রক্ষার চেষ্টা বলেই আক্রমণ করছেন বিজেপির শীর্ষ নেতারা। পাল্টা দেশজুড়ে ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচিও শুরু করেছে গেরুয়া শিবির। সম্প্রতি তেলেঙ্গানার এক সভা থেকে অমিত শাহের অভিযোগ, ভোটচুরির প্রতিবাদের আড়ালে নিজেদের অনুপ্রবেশকারী ভোটব্যাঙ্ককে রক্ষা করতে চাইছে বিরোধীরা। ফলে এসআইআর ইস্যুতে বিজেপি ও বিরোধীদের রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে।

Related Articles