কলকাতা
শুনানি পর্বের ২৪ ঘণ্টার মধ্যেই কড়া পদক্ষেপ, সাত এইআরও-দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের
চিঠিতে মুখ্য সচিব সহ রাজ্য সরকারের শীর্ষ প্রশাসনকে অবিলম্বে অভিযুক্ত আধিকারিকদের সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
Truth Of Bengal: নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠার প্রেক্ষিতে বড়সড় পদক্ষেপ নিল ইসিআই বা জাতীয় নির্বাচন কমিশন। শুনানি পর্ব শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই গুরুতর অনিয়মের অভিযোগে রাজ্যের সাতজন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।এ বিষয়ে নবান্নকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে মুখ্য সচিব সহ রাজ্য সরকারের শীর্ষ প্রশাসনকে অবিলম্বে অভিযুক্ত আধিকারিকদের সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তদন্তের অগ্রগতি সম্পর্কে কমিশনকে নিয়মিত রিপোর্ট পাঠানোর কথাও বলা হয়েছে। এসআইআর সংক্রান্ত কাজে গুরুতর অসদাচরণ, দায়িত্বে গাফিলতি এবং আইনগত ক্ষমতার অপব্যবহারের অভিযোগেই এই পদক্ষেপ। সাতজন আধিকারিকের মধ্যে দুইজনের বিরুদ্ধে আগেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও সেই ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ না হওয়ায় পুনরায় চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে।







রাজ্যের ছয়টি বিধানসভা কেন্দ্রের মোট সাতজন এ ই আর ও -র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তাঁরা হলেন—
•ক্যানিং পূর্ব – সত্যজিৎ দাস ও জয়দীপ কুণ্ডু (এই দুই আধিকারিকের ক্ষেত্রেই পুনরায় নির্দেশ)
•সুতি – শেখ মুর্শিদ খান
•ময়নাগুড়ি – ডালিয়া রায়চৌধুরি
•সামশেরগঞ্জ – সেফাদুর রহমান
•ফরাক্কা – নীতিশ দাস
•ডেবরা – দেবাশিস বিশ্বাস
চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট ক্যাডার কন্ট্রোলিং অথরিটিকে দ্রুততম সময়ে বিভাগীয় তদন্ত সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ ঘিরে শুক্রবারই দিল্লিতে তলব করা হয়েছিল রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী-কে। কমিশনের দফতরে হাজির হয়ে একাধিক নির্দেশ অমান্যের ব্যাখ্যা দিতে বলা হয় তাঁকে।




