আর বাদ পড়বে না কোনো নাম! ১৬টি রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা পরিমার্জনের কাজ শুরু
এই দফায় বাকি ১৬টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা পরিমার্জনের কাজ চালানো হবে।
Truth of Bengal: ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বড়সড় পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। ১০টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজ সফলভাবে শেষ হওয়ার পর, এবার তৃতীয় পর্যায়ের কাজ শুরু হতে চলেছে। বৃহস্পতিবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। এই দফায় বাকি ১৬টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা পরিমার্জনের কাজ চালানো হবে।
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ বাদে দেশের বাকি সমস্ত এলাকা এই তৃতীয় পর্যায়ের আওতায় আসবে। মূলত তুষারপাত এবং ভৌগোলিক প্রতিকূলতার কথা মাথায় রেখে ওই তিন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য পরবর্তীতে পৃথক সময়সূচি ঘোষণা করা হবে। এবারের বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় জনগণনার প্রয়োজনে বাড়ি তালিকাভুক্তির কাজও অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিশন সূত্রে খবর, এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে ৩.৯৪ লক্ষেরও বেশি বুথ লেভেল অফিসার (বিএলও) নিয়োগ করা হয়েছে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে প্রায় ৩৬.৭৩ কোটি ভোটারের তথ্য যাচাই করবেন। এই কাজে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে নিযুক্ত ৩.৪২ লক্ষ বুথ লেভেল এজেন্টরাও (বিএলএ) সহায়তা করবেন।
তৃতীয় পর্যায়ে যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কাজ শুরু হবে, তার মধ্যে রয়েছে ওড়িশা, মিজ়োরাম, সিকিম, মণিপুর, দমন ও দিউ, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, তেলঙ্গানা, পঞ্জাব, কর্নাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, দিল্লি এবং ত্রিপুরা। ইতিমিধ্যেই পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু ও রাজস্থানের মতো রাজ্যগুলোতে এই কাজ সম্পন্ন হয়েছে। সারাদেশের প্রায় ৯৯ কোটি ভোটারের মধ্যে ইতিমিধ্যেই ৬০ কোটি ভোটারকে এই পরিমার্জন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকি ৪০ কোটি ভোটারকে আগামী ধাপগুলোতে এই প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা তৈরির লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।






