আন্তর্জাতিক

কাবুল বিস্ফোরণের বদলা! পাক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে টিটিপির হামলা

স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন যে আকাশে বিমানের আওয়াজের পর বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।

Truth Of Bengal: তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারতে আসার দিন কাবুলে চালানো হয় ভয়াবহ হামলা। অভিযোগের আঙ্গুল উঠেছিল পাকিস্তানের বিরুদ্ধে। এবার এই ঘটনার নেওয়া হল বদলা। গতরাতে ডেরা ইসমাইল খান অঞ্চলে অবস্থিত পাক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে টিটিপির তরফ থেকে চালানো হয় আত্মঘাতী হামলা এবং এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ২-৩ জন জওয়ান বলে জানা গিয়েছে। পাশাপাশি, আরও অনেকে গুরুতরভাবে জখম হয়েছেন এর জন্য বলে খবর।

প্রসঙ্গত, দুদিন আগে মাঝরাতে ভয়াবহ বিস্ফোরণ হয় কাবুলের পূর্বাঞ্চলে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন যে আকাশে বিমানের আওয়াজের পর বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। এমনকি গুলির আওয়াজ পর্যন্ত শোনা গিয়েছিল। আফগান তালিবান সরকারের এক মুখপাত্র জানিয়েছিলেন যে চিন্তার কোন বিষয় নেই এবং ঘটনার তদন্ত চলছে। পাকিস্তানের দিকে অভিযোগের আঙ্গুল উঠেছিল কারণ তাদের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সংসদে দাঁড়িয়ে আফগানিস্তানে হামলা চালানোর হুশিয়ারি দিয়েছিলেন।

উল্লেখ্য, শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠকে বসেছিলেন মুত্তাকি ও তাঁর প্রতিনিধি দলের সঙ্গে। সেখানে তিনি সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে এক হয়ে কাজ করার কথা জানিয়েছিলেন। তাঁর বক্তব্য, “উন্নতি এবং বিকাশের লক্ষ্যে এগোতে চাই আমরা দুই দেশই। কিন্তু আমাদের দুই দেশকেই সীমান্তে মোকাবিলা করতে হয় সন্ত্রাসের। তাই আমাদের এক হয়ে কাজ করা উচিত এক্ষেত্রে। আমাদের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে যেভাবে আফগানিস্তানকে আমরা পাশে পেয়েছি, তা সত্যিই প্রশংসার যোগ্য।” এছাড়া মুত্তাকি পাকিস্তানকে আক্রমণ করে জানিয়েছেন যে তাঁর দেশের জনগণের ধৈর্য এবং সাহসকে চ্যালেঞ্জ করলে কি হতে পারে, তা জিজ্ঞেস করা উচিত ব্রিটিশ, সোভিয়েত বা আমেরিকানদের।

Related Articles