আন্তর্জাতিক

পাক যুদ্ধবিমান ভূপাতিত করে পাইলটকে বন্দি করল আফগান সেনা

জালালাবাদ অঞ্চলটি কাবুল এবং পাকিস্তান সীমান্তের সংযোগকারী হওয়ায় দুই দেশের কাছেই এর গুরুত্ব অপরিসীম।

Truth Of Bengal: আফগান আকাশসীমায় অনুপ্রবেশ করে হামলা চালাতে গিয়ে বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল পাকিস্তান বায়ুসেনা। সংবাদ সংস্থা এএফপি (AFP) এবং আফগান নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, তালিবানের পালটা মারে পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে এবং পাক বায়ুসেনার একজন উইং কমান্ডার তালিবান যোদ্ধাদের হাতে বন্দি হয়েছেন। শনিবার সকালে রণকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জালালাবাদ শহরের কাছে এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, প্রথমে একটি যুদ্ধবিমানের প্রচণ্ড গর্জন এবং তারপরই দুটি বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে জালালাবাদ বায়ুসেনা ঘাঁটি সংলগ্ন এলাকা। এরপরই দেখা যায় পাক যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়েছে। বিমানটি ধ্বংস হওয়ার ঠিক আগে পাইলট প্যারাশুটের সাহায্যে বেরিয়ে আসতে সক্ষম হলেও নিচে নামার পর আফগান সেনারা তাঁকে বন্দি করে।

জালালাবাদ অঞ্চলটি কাবুল এবং পাকিস্তান সীমান্তের সংযোগকারী হওয়ায় দুই দেশের কাছেই এর গুরুত্ব অপরিসীম। ধারণা করা হচ্ছে, এই অঞ্চলের দখল নেওয়ার লক্ষ্যেই পাকিস্তান বায়ুসেনা সেখানে সক্রিয় হয়েছিল, কিন্তু তালিবানের অতর্কিত আক্রমণে তাদের সেই পরিকল্পনা ভেস্তে যায়। পাক-আফগান যুদ্ধের এই আবহে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, গত শুক্রবার আফগানিস্তানের ২২টি লক্ষ্যবস্তুতে তারা বিধ্বংসী হামলা চালিয়েছে, যাতে ২৭৪ জন তালিবান সেনার মৃত্যু হয়েছে। তবে এই সাফল্যের দাবির মাঝেই নিজেদের যুদ্ধবিমান হারানো এবং পদস্থ অফিসারের বন্দি হওয়া ইসলামাবাদের জন্য এক বিরাট কূটনৈতিক ও সামরিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, যুদ্ধে ক্ষয়ক্ষতির খতিয়ান নিয়ে দুই দেশের পরস্পরবিরোধী দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইসলামাবাদ ১২ জন পাক সেনার মৃত্যুর কথা স্বীকার করলেও তালিবান প্রশাসনের দাবি, নিহতের প্রকৃত সংখ্যা অন্তত ৫৫। তালিবানের শক্ত প্রতিরোধের মুখে পড়ে পাকিস্তান যেভাবে বিমান ও পাইলট খোয়াল, তাতে ডুরান্ড লাইন বরাবর যুদ্ধের তীব্রতা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। একদিকে পাকিস্তানের ক্রমাগত বিমান হানা এবং অন্যদিকে তালিবানের পালটা মারে যুদ্ধবিমান ভূপাতিত হওয়া— সব মিলিয়ে আফগান সীমান্ত এখন এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে।

Related Articles