পাকিস্তানের বিরুদ্ধে ভারত-আফগানিস্তানকে এক হওয়ার ডাক প্রাক্তন আফগান মহিলা সাংসদের
ইতিমধ্যেই, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দেওয়া হয়েছে সৌদি আরব ও চীনের তরফ থেকে।
Truth Of Bengal: আফগান-পাক সংঘাত নিয়ে উত্তপ্ত দুই দেশ সহ গোটা আন্তর্জাতিক রাজনীতি। তার উপর শুক্রবার রাতে পাক এয়ার স্ট্রাইকে যেভাবে একাধিক মৃত্যু হয়েছে, তা পরিস্থিতি আরও দ্বিগুণ উত্তপ্ত করে তুলেছে। এমন পরিস্থিতিতে ভারত ও আফগানিস্তানকে হাত মেলানোর ডাক দিলেন আফগানিস্তানের প্রাক্তন মহিলা সাংসদ মরিয়ম সোলাইমানখিল। মার্কিন যুক্তরাষ্ট্রে বসে তিনি সাক্ষাৎকার দেন এক সংবাদমাধ্যমকে এবং এই বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
মরিয়ম সোলাইমানখিল তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরের প্রসঙ্গ তোলেন এবং দাবি করেন যে পাকিস্তান নিরাপত্তাহীনতায় ভুগছে বলেই হামলা চালাচ্ছে। তিনি বলেন, “যখনই ভারতের কাছাকাছি এসেছে আফগানিস্তান, তখনই ভয় পেয়েছে পাক সেনা। ওদের অর্থনীতি নির্ভর করে স্বাধীনতা যুদ্ধ আর ধ্বংসের উপর। সহ্য করতে পারে না আমাদের দুই দেশের মধ্যে শান্তি।” তাঁর মতে, ভারত ও আফগানিস্তানের এক হওয়া উচিত পাকিস্তানের বিরুদ্ধে। তাঁর মতে, দুই দেশের এক হওয়া উচিত রাওয়ালপিন্ডিতে জন্মানো চরমপন্থী আদর্শের বিরুদ্ধে।
এর সঙ্গে মরিয়ম আক্রমণ করেন পাক সেনাপ্রধান আসিম মুনীরকে। তিনি বলেন, “ফল তেমনই পাবেন যা রোপন করেছেন।” এরপর একপ্রকার হুঁশিয়ারি দিয়ে প্রাক্তন আফগান মহিলা সাংসদ বলেন, “দিনের পর দিন জঙ্গি তৈরি করে তাদের ব্যবহার করা হয়েছে অস্ত্র হিসেবে। অবাক হবেন না যখন নিজের ঘর পুড়বে।” প্রসঙ্গত, এই সংঘাতে এখনও পর্যন্ত অনেকে প্রাণ হারিয়েছেন। ইতিমধ্যেই, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বার্তা দেওয়া হয়েছে সৌদি আরব ও চীনের তরফ থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য দাবি করেছেন যে এই সংঘাত রুখতে তাঁর বেশি সময় লাগবে না।






