Anil Ambani: অনিল আম্বানির ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার! ৬৮ কোটির নকল ব্যাঙ্ক গ্যারান্টি জালিয়াতিতে ED-র জালে
শনিবার তাঁকে আদালতে তোলা হয়।অশোক কুমার পাল একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ২০২৩ সালের ২৯ জানুয়ারি তিনি রিলায়েন্স পাওয়ারের সিএফও পদে যোগ দেন।
Truth of Bengal: আর্থিক তছরুপের মামলায় শিল্পপতি অনিল আম্বানির ঘনিষ্ঠ সহযোগী অশোক কুমার পালকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট এর অধীনে গ্রেফতার করা হয়েছে রিলায়েন্স পাওয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অশোককে। শনিবার তাঁকে আদালতে তোলা হয়।অশোক কুমার পাল একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ২০২৩ সালের ২৯ জানুয়ারি তিনি রিলায়েন্স পাওয়ারের সিএফও পদে যোগ দেন। সাত বছরেরও বেশি সময় ধরে তিনি অনিল আম্বানির সংস্থার সঙ্গে যুক্ত। অভিযোগ, তিনি ৬৮.২ কোটি টাকার এক নকল ব্যাঙ্ক গ্যারান্টি জালিয়াতিতে জড়িত (Anil Ambani)।
এই মামলার সূত্রপাত ২০২৪ সালে। যখন ইকোনমিক অফেন্সেস উইং সোলার এনার্জি কর্পোরেশন অব ইন্ডিয়ার নামে নকল ব্যাঙ্ক গ্যারান্টি জমা দেওয়ার অভিযোগ দায়ের করে। অভিযোগ অনুযায়ী, সেই নকল গ্যারান্টি রিলায়েন্স লিমিটেড এবং মহারাষ্ট্র এনার্জি জেনারেশন লিমিটেডের নামে তৈরি করা হয়েছিল— দুটি সংস্থাই অনিল আম্বানি গ্রুপের সঙ্গে যুক্ত। তদন্তে জানা গিয়েছে, ওড়িশার একটি সংস্থা ‘বিসওয়াল ট্রেডলিঙ্ক প্রাইভেট লিমিটেড’ এই কেলেঙ্কারির মূল ভূমিকা নেয় (Anil Ambani)।
ইডির দাবি, নকল ব্যাঙ্ক গ্যারান্টিকে আসল দেখাতে ওই সংস্থা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ইমেল ডোমেইন নকল করে ব্যবহার করেছিল। অথচ তদন্তে দেখা যায়, বিসওয়াল ট্রেডলিঙ্ক নামের কোম্পানিটি বাস্তবে ছিল না— রেজিস্টার্ড ঠিকানায় সংস্থার কোনও রেকর্ড পাওয়া যায়নি।এর আগেই ইডি গ্রেফতার করেছিল ওই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পার্থ সারথি বিসওয়ালকে। তদন্তে ধরা পড়ে, রিলায়েন্স পাওয়ারের লোনের জন্য জাল গ্যারান্টি দেওয়ার নেপথ্যে তাঁর সরাসরি ভূমিকা ছিল।ইডি সূত্রে আরও জানা গিয়েছে, অনিল ধীরুভাই আম্বানি গ্রুপের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনেছে দেশের একাধিক ব্যাঙ্ক। ১৭ হাজার কোটি টাকার লোন সংক্রান্ত প্রতারণা এবং ইয়েস ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের অপব্যবহারের অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত। এই মামলায় ইডি ইতিমধ্যেই মুম্বই জুড়ে ৩৫টি স্থানে তল্লাশি চালিয়েছে, যার মধ্যে রিলায়েন্স গ্রুপের একাধিক অফিসও রয়েছে।সম্প্রতি দিল্লিতে ইডি-র অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল অশোক কুমার পালকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরেই তাঁকে গ্রেফতার করে ইডি। তদন্তকারীদের দাবি, রিলায়েন্স গ্রুপের আর্থিক অনিয়মের নেপথ্যে অশোক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।এই গ্রেফতারি অনিল আম্বানি গোষ্ঠীর আর্থিক দুর্নীতি তদন্তে একটি বড় পদক্ষেপ বলে মনে করছে কেন্দ্রীয় সংস্থা (Anil Ambani)।






