আফগান সীমান্তে রণক্ষেত্র! পাক বায়ুসেনার বিমান হামলায় শিশু-মহিলাসহ মৃত অন্তত ১৭
পাকিস্তানের দাবি, সীমান্ত এলাকায় সক্রিয় জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করেই ‘টার্গেটেড স্ট্রাইক’ চালানো হয়েছে।
Truth Of Bengal: আফগান সীমান্ত ঘিরে ফের উত্তেজনা চরমে উঠল পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। শনিবার গভীর রাতে আফগানিস্তানের নাঙ্গারহার ও পাকটিকা প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তানের সেনাবাহিনী। আফগান সংবাদমাধ্যমের দাবি, এই হামলায় এখনও পর্যন্ত অন্তত ১৭ জন আফগান নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলেও আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানের দাবি, সীমান্ত এলাকায় সক্রিয় জঙ্গি ঘাঁটিগুলিকে লক্ষ্য করেই ‘টার্গেটেড স্ট্রাইক’ চালানো হয়েছে। সে দেশের তথ্য মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এবং ইসলামিক স্টেটের সহযোগী জঙ্গি সংগঠনগুলি আফগান ভূখণ্ড ব্যবহার করে একাধিক শিবির গড়ে তুলেছিল। তালিবান সরকার তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ ইসলামাবাদের। গোপন সূত্রে তথ্য পাওয়ার ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে বলে দাবি পাকিস্তানের।
-
যুদ্ধ থামবে এবার? ৩ দিনের জন্য ইউক্রেনে হামলা বন্ধের ঘোষণা পুতিনেরSeptember 5, 2026
অন্যদিকে, আফগানিস্তানের তালিবান সরকার এই হামলার তীব্র নিন্দা করেছে। তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করেন, পাকিস্তান আফগান আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালিয়েছে, যাতে নিরীহ সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। তাঁর দাবি, নিজেদের নিরাপত্তা ব্যর্থতা আড়াল করতেই এ ধরনের হামলা চালাচ্ছে পাকিস্তান। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, উপযুক্ত সময়ে এই হামলার জবাব দেওয়া হবে।
এই ঘটনার পর দুই দেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকল বলে মনে করছে আন্তর্জাতিক মহল। সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগও বাড়ছে।






