রাজস্থানের সঙ্গে রেল-যোগ আরও মজবুত, সাঁতরাগাছি থেকে চালু নতুন সাপ্তাহিক এক্সপ্রেস
জয়পুরের কাছে খাতিপুরা পর্যন্ত চালু হতে চলেছে নতুন সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন
Truth of Bengal: দীপাবলির আগে রাজস্থানে যাতায়াত আরও সহজ করতে বড় পদক্ষেপ দক্ষিণ পূর্ব রেলের। এবার হাওড়ার সাঁতরাগাছি থেকে রাজস্থানের জয়পুরের কাছে খাতিপুরা পর্যন্ত চালু হতে চলেছে নতুন সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেন। সোমবার এই পরিষেবার সূচনা করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সাঁতরাগাছি স্টেশন থেকে ভার্চুয়াল মাধ্যমে ট্রেনটির উদ্বোধন করবেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। নতুন এই পরিষেবা চালু হলে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ হয়ে রাজস্থানে যাতায়াতকারী যাত্রীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
রেলের প্রস্তাবিত সূচি অনুযায়ী, ১৮০৬১ সাঁতরাগাছি–খাতিপুরা এক্সপ্রেস প্রতি বুধবার দুপুর ২টো ১৫ মিনিটে সাঁতরাগাছি থেকে ছাড়বে। দীর্ঘ পথ পেরিয়ে পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ খাতিপুরা স্টেশনে পৌঁছবে ট্রেনটি। ফিরতি পথে ১৮০৬২ খাতিপুরা–সাঁতরাগাছি এক্সপ্রেস প্রতি শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে খাতিপুরা থেকে ছাড়বে। পরের দিন, শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সাঁতরাগাছি পৌঁছবে ট্রেনটি।
খড়্গপুর, টাটানগর, রাঁচি-সহ একাধিক গুরুত্বপূর্ণ শহর ও জনপদের সঙ্গে রেল যোগাযোগের ক্ষেত্রে এই ট্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। প্রস্তাবিত স্টপেজের তালিকায় রয়েছে খড়্গপুর, টাটানগর, চাণ্ডিল, পুরুলিয়া, মুরি, রাঁচি, লোহরদাগা, টোরি, লাতেহার, বরওয়াডিহ, ডালটনগঞ্জ, গড়ওয়া রোড, জাপলা, দেহরি অন সোন, সাসারাম, ভাভুয়া রোড, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, মির্জাপুর, প্রয়াগরাজ, ফতেপুর, কানপুর সেন্ট্রাল, তুন্ডলা, ইদগাহ, আগ্রা, খেরলি, মান্ডওয়ার মহুয়া রোড, বান্দিকুই জংশন এবং দৌসা। নতুন ট্রেনটিতে থাকছে ১৬টি এলএইচবি কোচ। সংরক্ষিত কামরার মধ্যে থাকবে আটটি স্লিপার কোচ, একটি থ্রি-টিয়ার এসি এবং তিনটি থ্রি-টিয়ার এসি ইকনমি কোচ। ফলে সাধারণ স্লিপার শ্রেণির পাশাপাশি এসি কামরাতেও যাতায়াতের সুযোগ পাবেন যাত্রীরা।






