কলকাতারাজ্যের খবর

WB Weather: ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, বুধে বৃষ্টির সম্ভাবনা বঙ্গে

এই গরমের মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ফের বৃষ্টির বার্তা দিল আবহাওয়া দফতর।

Truth Of Bengal: টানা বৃষ্টির পর কয়েকদিনের বিরতি নিয়েছিল বর্ষা। কিন্তু বিরতির মাঝেই ভ্যাপসা গরমে অস্থির হয়ে উঠছে দক্ষিণবঙ্গ। শহর থেকে জেলা সর্বত্র অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই গরমের মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ফের বৃষ্টির বার্তা দিল আবহাওয়া দফতর।

বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দুই বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রামের বেশ কিছু এলাকায় বৃষ্টির দেখা যেতে পারে বলে অনুমান। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপটও চলতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

এদিকে সকাল থেকেই কলকাতার আকাশ রোদ ঝলমলে। কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগান্তি বাড়াচ্ছে। বুধবার মহানগরীতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, উত্তরবঙ্গে ইতিমধ্যেই চলছে টানা বর্ষণ। দার্জিলিং ও কালিম্পং-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। পাহাড়ি অঞ্চল ছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা।

Related Articles