মাঝ আকাশে বিপত্তি, অবতরণের সময় আছড়ে পড়ল হেলিকপ্টার! নেপালে ভয়ঙ্কর দুর্ঘটনা
একজন যাত্রী আহত হয়েছেন
Truth Of Bengal: নেপালের পূর্বাঞ্চলে এক হেলিকপ্টার দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নেপালের খোটাং জেলায় অবতরণের সময় একটি হেলিকপ্টার আচমকাই দুর্ঘটনার শিকার হয়।
জানা গিয়েছে, এয়ার ডাইনাস্টি সংস্থার ওই হেলিকপ্টারটি কাঠমান্ডু থেকে একটি মৃতদেহ নিয়ে খোটাং-এ পৌঁছেছিল। বুধবার এই দুর্ঘটনাটি ঘটে অবতরণের ঠিক সময়ে। হেলিকপ্টারটিতে পাইলট-সহ মোট ছয়জন আরোহী ছিলেন। অবতরণের সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে সেটি মাটিতে আছড়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এই ভয়াবহ দুর্ঘটনার মধ্যেও বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।
সৌভাগ্যবশত, কোনও প্রাণহানির খবর মেলেনি। যদিও একজন যাত্রী আহত হয়েছেন। তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। ঘটনার পরই উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হেলিকপ্টারটি কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক ছড়ালেও বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের।






