“রাহুলের আচরণে নারীরা অস্বস্তিতে!” সংসদে কংগ্রেস নেতার শিষ্টাচার নিয়ে বিস্ফোরক কঙ্গনা
রাহুলের আচরণ অনেক সময় আক্রমণাত্মক ও অসম্মানজনক মনে হয়, যা সংসদের মতো গুরুতর জায়গার সঙ্গে মানানসই নয়।
Truth of Bengal: নয়াদিল্লিতে রাজনৈতিক বিতর্ক নতুন মাত্রা পেল লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর আচরণকে ঘিরে। বুধবার তাঁর সংসদীয় আচরণের কড়া সমালোচনা করেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। কঙ্গনার অভিযোগ, সংসদে রাহুল গান্ধীর আচরণ নারীদের অস্বস্তিতে ফেলে এবং তাতে শিষ্টাচারের অভাব স্পষ্ট। তিনি বলেন, রাহুলের আচরণ অনেক সময় আক্রমণাত্মক ও অসম্মানজনক মনে হয়, যা সংসদের মতো গুরুতর জায়গার সঙ্গে মানানসই নয়।
এই প্রসঙ্গে তিনি রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরার সঙ্গে তুলনা টেনে বলেন, প্রিয়াঙ্কার আচরণ অনেক বেশি মার্জিত ও সংযত। তাঁর মতে, সংসদে প্রত্যেক জনপ্রতিনিধির আচরণে শালীনতা থাকা জরুরি। উল্লেখ্য, সম্প্রতি ২০০-রও বেশি প্রাক্তন আমলা একটি খোলা চিঠি লিখে সংসদে রাহুল গান্ধীর আচরণ নিয়ে প্রশ্ন তোলেন এবং তাঁর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। সেই ঘটনার পরই এই বিতর্ক আরও তীব্র হয়।
কঙ্গনার এই মন্তব্য রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শাসক ও বিরোধী শিবিরের মধ্যে বাগযুদ্ধও আরও তীব্র আকার নিচ্ছে। সংসদের শিষ্টাচার ও রাজনৈতিক সংস্কৃতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।






