জনসমর্থনে পাঁচ দিনে ট্রাম্পকে ছুতে চলেছেন কমলা
Kamla is going to beat Trump in five days in terms of public support

The Truth Of Bengal: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য নতুন প্রার্থী কমলা হ্যারিস। গত বৃহস্পতিবার টেক্সাস অঙ্গরাজ্যের হিউসটনে শিক্ষক ইউনিয়নের সমাবেশে তিনি ‘ভবিষ্যতের জন্য লড়াই’–এর প্রতিশ্রুতি দেন। মাত্র পাঁচ দিনের নির্বাচনী প্রচারে তাঁর এই তৎপরতার প্রভাব দেখা যাচ্ছে জনমত জরিপেও।
তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জনসমর্থনের ব্যবধান দিন দিন কমে আসছে। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে প্রেসিডেন্ট জো বাইডেনের বিপক্ষে ট্রাম্প যতটা সুবিধাজনক অবস্থানে ছিলেন, সেটা ধীরে ধীরে কমে আসছে। বাইডেনের স্থলাভিষিক্ত প্রার্থী হিসেবে কমলার নাম আসার পর রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের জন্য চ্যালেঞ্জটা সত্যিকার অর্থে কঠিন হয়ে উঠছে।
হিউসটনে আমেরিকান ফেডারেশন অব টিচারসের সমাবেশে বক্তৃতায় ৫৯ বছর বয়সী কমলা হ্যারিস অর্থনৈতিক নীতি ও শ্রমিকদের অধিকার, স্বাস্থ্যসেবা ও শিশু পরিচর্যার পরিকল্পনা নিয়ে কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক গুলির ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেসে উত্থাপিত অস্ত্র আইন আটকে দেওয়ার জন্য রিপাবলিকানদের কঠোর সমালোচনা করেন তিনি। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আগামী সাড়ে তিন মাস ট্রাম্প আর কমলা হ্যারিসের নির্বাচনী প্রচার দুজনের জন্যই বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মত আন্তর্জাতিক মহলের।






