আন্তর্জাতিক

৩৪ হাজার ফুট উঁচুতে ককপিটে পাইলটদের ধস্তাধস্তি! পথ বদলে জরুরি ল্যান্ডিং সৌদিতে

ইজরায়েলের তরফে অপহরণের খবর খণ্ডন করা হয়

Truth of Bengal: মাঝ আকাশে ককপিটের ভিতর দুই পাইলটের মধ্যে হাতাহাতির অভিযোগ ঘিরে চাঞ্চল্য। দুবাই থেকে ইজরায়েলের তেল আভিভগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমান তখন প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। এর মধ্যেই বিমান অপহরণের গুজব ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যদিও পরে ইজরায়েলের তরফে অপহরণের খবর খণ্ডন করা হয়।সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, দুবাই থেকে ওড়ার কিছু সময় পরেই বিমানটি থেকে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কাছে একটি আপৎকালীন বার্তা পৌঁছয়। ফ্লাইট ট্র্যাকিং ডেটায় দেখা যায়, তখন বিমানটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় ছিল। এর পর মাত্র দু’মিনিটের মধ্যে প্রায় ১৭ হাজার ফুট নীচে নেমে আসে সেটি।

‘টাইমস অফ ইজরায়েল’-এর প্রতিবেদন অনুযায়ী, বিমানে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন। আপৎকালীন বার্তার ধরন থেকে প্রথমে বিমানটি অপহরণ করা হয়েছে বলে বিভ্রান্তি তৈরি হয়। সেই খবর ছড়িয়ে পড়তেই ইজরায়েলের নিরাপত্তা ব্যবস্থাতেও তৎপরতা শুরু হয়। প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি বিবেচনা করে ইজরায়েলি বায়ুসেনার কয়েকটি যুদ্ধবিমান ফ্লাই দুবাইয়ের ওই বিমানের দিকে রওনা দেয়। জরুরি বৈঠকও ডাকেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এর মধ্যেই জর্ডনের আকাশসীমা থেকে আচমকা গতিপথ পরিবর্তন করে বিমানটি। শেষ পর্যন্ত জরুরি ভিত্তিতে সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে জানা যায়, বিমান অপহরণের কোনও ঘটনা ঘটেনি। বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রীরাও সুরক্ষিত রয়েছেন বলে জানানো হয়। তবে ককপিটের ভিতরে ঠিক কী কারণে দুই পাইলটের মধ্যে সংঘর্ষ বাধল এবং সেই ঘটনার সঙ্গে আপৎকালীন বার্তার সম্পর্ক কী, তা নিয়ে প্রশ্ন উঠেছে।