US Visa Policy Crackdown: আমেরিকায় সন্তান জন্ম দিলেই ভিসা বাতিল! ট্রাম্প প্রশাসনের কড়া সিদ্ধান্তে চূড়ান্ত দুর্ভোগের আশঙ্কা
বৃহস্পতিবার ভারতের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছে।
Truth of Bengal: মার্কিন ভিসা নীতিতে আরও কঠোর পদক্ষেপ নিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এখন থেকে আমেরিকায় গিয়ে কেউ সন্তানের জন্ম দিতে চাইলে, তাঁর ভিসার আবেদন তৎক্ষণাৎ বাতিল হয়ে যাবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভারতের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছে।
ওই পোস্টে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, যদি মার্কিন আধিকারিকেরা বুঝতে পারেন কোনো পর্যটক শুধুমাত্র সন্তানের জন্ম দেওয়ার উদ্দেশ্যেই আমেরিকায় যাচ্ছেন, তবে সংশ্লিষ্ট আধিকারিকেরা সেই পর্যটকের ভিসা বাতিল করতে পারবেন। মার্কিন প্রশাসনের যুক্তি হলো, অনেকেই এই উদ্দেশ্যেই আমেরিকায় যান যাতে তাঁদের সন্তান জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব লাভ করতে পারে।
উল্লেখ্য, দ্বিতীয় বারের মতো আমেরিকার মসনদে বসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প ভিসানীতি নিয়ে কড়া অবস্থান নিচ্ছেন। গত ২০ জানুয়ারি তিনি একটি নির্দেশনামায় সই করেছিলেন, যেখানে জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টি বাতিলের কথা বলা হয়েছিল। এই বিষয়টি নিয়ে পরে আমেরিকার সুপ্রিম কোর্টেও মামলা হয়। তবে ট্রাম্প প্রশাসনের এই নির্দেশের সাংবিধানিক বৈধতা নিয়ে আমেরিকার শীর্ষ আদালতে এখনও কোনো চূড়ান্ত মীমাংসা হয়নি।
এত দিন আমেরিকায় নিয়ম ছিল যে, কোনো শিশু মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে সে নাগরিকত্ব পাওয়ার অধিকারী। ট্রাম্প প্রশাসন এই পুরোনো নীতিতে পরিবর্তন আনতে বদ্ধপরিকর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া লাখ লাখ মানুষের দায়িত্ব নিতে পারবে না আমেরিকা।”






