আন্তর্জাতিক

পোষা বিড়ালের থেকেও ছোট! বলিভিয়ার জঙ্গলে মিলল নতুন বুনো বিড়াল

টাইগার ক্যাট গোষ্ঠীর এই বুনো বিড়ালটি আকারে সাধারণ পোষা বিড়ালের থেকেও ছোট।

Truth of Bengal: বলিভিয়ার ইয়ুংগাস অঞ্চলের কুয়াশায় ঢাকা পাহাড়ি অরণ্যে মিলেছে এক নতুন প্রজাতির ক্ষুদ্র বুনো বিড়াল। বিজ্ঞানীরা প্রাণীটির নাম দিয়েছেন ‘লিওপারডাস টিলকায়ো’ (Leopardus tilcayo)। স্থানীয়ভাবে এটি ‘টিলকায়ো’ নামেই পরিচিত।

টাইগার ক্যাট গোষ্ঠীর এই বুনো বিড়ালটি আকারে সাধারণ পোষা বিড়ালের থেকেও ছোট। প্রায় ৪৬ সেন্টিমিটার লম্বা প্রাণীটির ওজন মাত্র ১.৪ কিলোগ্রামের কাছাকাছি। হালকা বাদামি শরীরে অনিয়মিত গোলাকার ছোপ থাকায় দূর থেকে একে ছোট জাগুয়ারের মতোও দেখতে লাগে।

দীর্ঘদিন ধরে টিলকায়োকে অন্য টাইগার ক্যাটদেরই একটি ধরন বলে মনে করা হত। কিন্তু জেনেটিক বিশ্লেষণে গবেষকেরা জানতে পারেন, এটি পরিচিত কোনও প্রজাতির অংশ নয়। বরং নিজস্ব জিনগত বৈশিষ্ট্যের কারণে একে পৃথক প্রজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এই আবিষ্কারের বিস্তারিত গবেষণা প্রকাশিত হয়েছে Current Biology জার্নালে। ছোট্ট এই বুনো বিড়ালের সন্ধান দক্ষিণ আমেরিকার জীববৈচিত্র্য নিয়ে গবেষণায় নতুন মাত্রা যোগ করেছে।