Hurricane Melissa: সর্বোচ্চ মাত্রার হ্যারিকেন! জামাইকার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ‘মেলিসা’
আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকালে এটি জামাইকার উপকূলে আঘাত হানতে পারে।
Truth of Bengal: চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের মুখে দাঁড়িয়ে আছে জামাইকা। আমেরিকার ন্যাশনাল হ্যারিকেন সেন্টার (NHC) জানিয়েছে, ক্যাটিগরি-৫ মাত্রার (ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ স্তর) হ্যারিকেন ‘মেলিসা’ ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে, যার সর্বোচ্চ বাতাসের গতিবেগ বর্তমানে ঘণ্টায় ১৭৫ মাইল (২৮২ কিলোমিটার)। আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকালে এটি জামাইকার উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি বর্তমানে রাজধানী কিংস্টন থেকে প্রায় ১৪৫ মাইল (২৩৩ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে এবং তুলনামূলক ধীর গতিতে, অর্থাৎ ঘণ্টায় মাত্র ৩ মাইল (প্রায় ৬ কিলোমিটার) বেগে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে (Hurricane Melissa)।
‘মেলিসা’-র ধীর গতির কারণেই দীর্ঘ সময় ধরে প্রবল বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে, যা জামাইকায় ব্যাপক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে। ন্যাশনাল হ্যারিকেন সেন্টার সতর্ক করে জানিয়েছে- বৃষ্টিপাতের পরিমাণ ৪০ ইঞ্চি পর্যন্ত হতে পারে। সমুদ্রে ঢেউয়ের উচ্চতা ১৩ ফুট পর্যন্ত পৌঁছতে পারে। বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৬০ কিলোমিটারেরও বেশি। ঝড়ের তাণ্ডবে বাড়িঘর লন্ডভন্ড হতে পারে এবং যোগাযোগ ও টেলিকমিউনিকেশন ব্যবস্থায় গুরুতর ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
ঘূর্ণিঝড়ের বিপদ আঁচ করে জামাইকা সরকার ইতোমধ্যেই রাজধানী কিংস্টন-সহ উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং গোটা দ্বীপটিকে প্রবল ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে ঘোষণা করেছে। উল্লেখ্য, জামাইকায় আঘাত হানার আগেই এই ঘূর্ণিঝড়ের কারণে ইতোমধ্যেই হাইতিতে তিনজন, জামাইকায় একজন এবং ডোমিনিকান রিপাবলিকে একজনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। এই শক্তিশালী ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি ও আরও প্রাণহানির আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন (Hurricane Melissa)।






