রাজ্যের খবর

বারবার সতর্কবার্তাতেও লাভ নেই! বিজেপিতে ২২ জনকে শোকজ, সাসপেনশনের পথে দল?

বারবার সতর্কবার্তা দেওয়ার পরেও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় মণ্ডল সভাপতি, বুথ সভাপতি-সহ ২২ জন নেতাকে শোকজ করা হয়েছে বলে সূত্রের খবর।

Truth of Bengal: বিজেপির অন্দরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এবার বড়সড় পদক্ষেপের পথে দলীয় নেতৃত্ব। বারবার সতর্কবার্তা দেওয়ার পরেও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় মণ্ডল সভাপতি, বুথ সভাপতি-সহ ২২ জন নেতাকে শোকজ করা হয়েছে বলে সূত্রের খবর। তালিকায় রয়েছেন একজন জেলা সভাপতিও। দলবিরোধী কাজ, নির্দেশ অমান্য এবং জোর করে অন্য দলের কার্যালয় দখলের মতো গুরুতর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।

রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য দলের নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা দিয়েছেন, ক্ষমতায় থাকলেও কোনওভাবেই গা-জোয়ারি বা দখলদারি বরদাস্ত করা হবে না। কিন্তু দলের নিচুতলার একাংশের বিরুদ্ধে বারবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠায় ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব। শুক্রবার এক অনুষ্ঠানে এ নিয়ে কড়া বার্তা দেন শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, কোনও মণ্ডল সভাপতি নিজেকে পুলিশমন্ত্রী ভাবতে পারেন না। একইভাবে পুলিশকর্মীদেরও সংগঠনের দায়িত্ব নেওয়ার মানসিকতা রাখা উচিত নয়।

দলের শৃঙ্খলা বজায় রাখতে এবার আরও কঠোর অবস্থান নিতে চলেছে বিজেপি। সূত্রের খবর, শোকজের জবাবে নেতৃত্ব সন্তুষ্ট না হলে অভিযুক্ত ২২ জনের বিরুদ্ধে সাসপেনশনের মতো পদক্ষেপ করা হতে পারে। একই সুর শোনা গিয়েছে অগ্নিমিত্রা পালের বক্তব্যেও। তাঁর স্পষ্ট বার্তা, মণ্ডল সভাপতিদের কাজ সংগঠন সামলানো, আর পুলিশকর্মীদের দায়িত্ব পুলিশি কর্তব্য পালন করা। প্রত্যেককে নিজের দায়িত্বের মধ্যেই থাকতে হবে।

Related Articles