ইজরায়েলের মসনদে বড় ধাক্কা নেতানিয়াহুর! ২৮ দিনের সময় পেলেন বিরোধী নেতা
ইজরায়েলের ১২০ আসনের কেনেসেটে সরকার গড়তে প্রয়োজন ৬১টি আসন।
Truth of Bengal: ইজরায়েলের প্রধানমন্ত্রীর কুর্সি ধরে রাখার লড়াইয়ে বড় চ্যালেঞ্জের মুখে বেঞ্জামিন নেতানিয়াহু। আপাতত তাঁর ক্ষমতায় ফেরার পথ কঠিন হয়ে উঠেছে। ইজরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ সরকার গঠনের জন্য নেতানিয়াহুর বিরোধী শিবিরের নেতা গাদি আইজেনকোটকে ২৮ দিন সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলে আগামী চার বছরের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন তিনি।
ইজরায়েলের ১২০ আসনের কেনেসেটে সরকার গড়তে প্রয়োজন ৬১টি আসন। নির্বাচনে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের ঝুলিতে রয়েছে ৪৮টি আসন। বাকি ১৯টি আসন পেয়েছে আরব দলগুলি। ফলে সরকার গঠনের লড়াইয়ে তারাই হয়ে উঠেছে নির্ণায়ক শক্তি।
নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আইজেনকোটকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে আরব দলগুলি। ফলে তাদের সমর্থন পেলে সহজেই সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক মেলাতে পারেন আইজেনকোট। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইহুদি জাতীয়তাবাদী আবেগকে কাজে লাগিয়ে নেতানিয়াহুও ক্ষমতায় ফেরার লড়াই চালিয়ে যেতে পারেন। আগামী ২৮ দিনই ইজরায়েলের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।






