কলকাতারাজ্যের খবর

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! সোমবার থেকেই ফের ‘মুড সুইং’ আবহাওয়ার

একটি ঘূর্ণাবর্তের জেরেই রাজ্যের আবহাওয়ায় এই আমূল পরিবর্তন

Truth of Bengal: দুই বঙ্গের আকাশ জুড়ে এখন দুর্যোগের ঘনঘটা। আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখীর তাণ্ডব এখনই থামছে না। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থানরত একটি ঘূর্ণাবর্তের জেরেই রাজ্যের আবহাওয়ায় এই আমূল পরিবর্তন।

রবিবার ছুটির দিনে বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও পুরোপুরি স্বস্তি মিলছে না। বিক্ষিপ্তভাবে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত। তবে সোমবার থেকে আবহাওয়া ফের ‘মুড সুইং’ করতে পারে। সপ্তাহের শুরুতে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির তীব্রতা বাড়বে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বিকেলের দিকে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গের পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আশার কথা এই যে, আগামী ৪৮ ঘণ্টায় এই দুর্যোগের কারণে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। যদিও বৃষ্টির রেশ কাটলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে এবং পরবর্তী কয়েক দিনে তাপমাত্রা ফের ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করবে এবং আবহাওয়ার উন্নতি ঘটবে। ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles