শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝার দাপট: উত্তর-পশ্চিম ভারতে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা
এর প্রভাবে তাপমাত্রার পারদও উল্লেখযোগ্যভাবে নামতে পারে বলে পূর্বাভাস
Truth Of Bengal: উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল মৌসম ভবন। আবহাওয়া দফতর জানিয়েছে, একটি শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হওয়ায় আগামী কয়েকদিন দেশের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এর প্রভাবে তাপমাত্রার পারদও উল্লেখযোগ্যভাবে নামতে পারে বলে পূর্বাভাস।
মৌসম ভবনের তথ্য অনুযায়ী, ১ এপ্রিল থেকেই এই পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হয়েছে। ৩ এপ্রিলের মধ্যে এটি আরও শক্তি বাড়িয়ে জোরালো আকার নিতে পারে। ফলে ৩ এবং ৪ এপ্রিল থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। পাশাপাশি ৩ এপ্রিল পর্যন্ত কিছু অঞ্চলে শিলাবৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতি আগামী ৬ এপ্রিল পর্যন্ত চলতে পারে।
আবহাওয়া দফতরের মতে, ইতিমধ্যেই গুজরাট-রাজস্থান সীমান্তে একটি শক্তিশালী পশ্চিমি ঝঞ্ঝা অবস্থান করছে। সেটি উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করলে আবহাওয়া আরও দুর্যোগপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে জম্মু-কাশ্মীর ও লাদাখে ভারী বৃষ্টি, তুষারপাত এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। পঞ্জাব ও রাজস্থানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। পাশাপাশি হরিয়ানা, দিল্লি-এনসিআর, পশ্চিম উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং পশ্চিম মধ্যপ্রদেশেও ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।
এছাড়াও পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে দেশের মধ্যাঞ্চলেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের মধ্য ও দক্ষিণাংশ, ছত্তিশগড়, তেলঙ্গানা, ওড়িশার কিছু অংশ এবং পশ্চিমবঙ্গেও ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, সাধারণত মার্চ মাসে ৫ থেকে ৬টি পশ্চিমি ঝঞ্ঝা দেখা যায়। কিন্তু এবার মার্চে মোট ৮টি পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হয়েছে।
পাশাপাশি এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত আরও তিনটি পশ্চিমি ঝঞ্ঝার সৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসম ভবনের পরামর্শ, ঝড়বৃষ্টির সময়ে সতর্ক থাকতে হবে, বিশেষ করে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা থাকায় খোলা জায়গায় চলাচল এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।






