আন্তর্জাতিক

Turkey Earthquake: ফের কাঁপল তুরস্ক! ৬.১ তীব্রতার ভূমিকম্পে ধূলিসাৎ বহুতল, আতঙ্ক ছড়াল ইস্তানবুল-জুড়ে

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বালিকেসি প্রদেশের সিন্দিরগি শহর, যা ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫.৯৯ কিলোমিটার (৩.৭২ মাইল) গভীরে অবস্থিত ছিল বলে জানিয়েছে প্রশাসন।

Truth of Bengal: ফের ভয়াবহ ভূমিকম্পে কাঁপল তুরস্ক। স্থানীয় সময় সোমবার রাত ১০টা ৪৮ মিনিট নাগাদ পশ্চিম তুরস্কে আঘাত হানে এই শক্তিশালী কম্পন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বালিকেসি প্রদেশের সিন্দিরগি শহর, যা ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫.৯৯ কিলোমিটার (৩.৭২ মাইল) গভীরে অবস্থিত ছিল বলে জানিয়েছে প্রশাসন।তীব্র কম্পনের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বহুতল ভবন। ইস্তানবুল, বুরসা, মানিসা এবং ইজমির প্রদেশে অনুভূত হয়েছে একাধিক আফটার শক। তবে আপাতত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, সিন্দিরগি শহরে অন্তত তিনটি খালি বহুতল এবং একটি দোতলা বাড়ি ধসে পড়েছে। এই ভবনগুলি আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ছিল। আতঙ্কে পড়ে গিয়ে দুইজন আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে।তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কম্পনের ফলে বেশ কয়েকটি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছে। চলছে উদ্ধারকাজ। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, টেকটোনিক প্লেটের সক্রিয় ফল্টলাইনের ওপর অবস্থানের কারণে তুরস্কে প্রায়ই ভূমিকম্প হয়। গত আগস্ট মাসেও সিন্দিরগিতে ৬.১ মাত্রার ভূমিকম্পে এক জনের মৃত্যু ও বহু মানুষ আহত হন। এর আগে, ২০২৩ সালে তুরস্কের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন ৫৩ হাজারের বেশি মানুষ। সেই ঘটনায় প্রতিবেশী সিরিয়াতেও কমপক্ষে ৬ হাজার মানুষের মৃত্যু হয়।নতুন এই ভূমিকম্পের পর ফের আতঙ্ক ছড়িয়েছে তুরস্ক জুড়ে। উদ্ধার ও ত্রাণকাজে নেমেছে প্রশাসন।

Related Articles