কলকাতা

থানার ভিতরে অভিষেক, বাইরে ‘চোর চোর’ স্লোগান! সাড়ে ৪ ঘণ্টা পর কী বললেন সাংসদ?

গুজরাটিদের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তে অভিষেককে তলব করেছিল পুলিশ।

Truth of Bengal: প্রায় সাড়ে চার ঘণ্টা ভবানীপুর থানায় থাকার পর অবশেষে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। থানার ভিতরে যখন তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি, তখন বাইরে তাঁকে উদ্দেশ্য করে ওঠে ‘চোর চোর’ স্লোগান। পরে থানার বাইরে ভিড় জমাতে দেখা যায় তাঁর অনুগামীদেরও। শনিবার দুপুর ১২টা ২৩ মিনিটে ভবানীপুর থানায় পৌঁছন অভিষেক। বিকেল সাড়ে ৪টে নাগাদ সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

গুজরাটিদের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তে অভিষেককে তলব করেছিল পুলিশ। গত ২ মে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন তিনি। সেই মন্তব্যের বিরুদ্ধে ২৭ মে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্ণবকান্তি দাস। অভিযোগের ভিত্তিতে হিংসা ও বিদ্বেষ ছড়ানো, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়।

থানা থেকে বেরিয়ে অভিষেকের দাবি, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে বিজেপি। কালীঘাটে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি বলেন, তদন্তকারী সংস্থা যখনই তাঁকে ডেকেছে, তিনি হাজির হয়েছেন এবং সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। গুজরাটি গ্যাং মন্তব্যের ব্যাখ্যাও পুলিশকে দিয়েছেন বলে জানান তিনি।

পাশাপাশি বিজেপির বিরুদ্ধে বাংলা ভাষা ও মনীষীদের অপমানের অভিযোগ তোলেন অভিষেক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান এবং তাঁর বাড়ির সামনে শহিদ বেদি ভাঙার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তাঁর কটাক্ষ, বুলডোজার চালাতে হলে গরিব মানুষের উপর নয়, তাঁর বাড়ির উপর চালানো হোক। একইসঙ্গে আবাস যোজনা ও সড়ক যোজনার টাকা আটকে রাখার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সরব হন তৃণমূল সাংসদ।

Related Articles