দেশ

‘বন্দে মাতরম্‌’ অবমাননা করলেই জেল! নতুন বিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ঐতিহাসিক সীলমোহর

রাষ্ট্রপতির অনুমোদনের পরই বিলটি আইনে পরিণত হয়েছে। এর ফলে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-এর মতোই আইনি সুরক্ষা পেল জাতীয় গান ‘বন্দে মাতরম্‌’

Truth of Bengal: জাতীয় গান ‘বন্দে মাতরম্‌’-এর অবমাননাকে শাস্তিযোগ্য অপরাধের আওতায় আনতে তৈরি হল নতুন আইন। মঙ্গলবার ‘জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধনী) বিল, ২০২৬’-এ সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির অনুমোদনের পরই বিলটি আইনে পরিণত হয়েছে। এর ফলে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’-এর মতোই আইনি সুরক্ষা পেল জাতীয় গান ‘বন্দে মাতরম্‌’। গত ২৯ জুলাই রাজ্যসভায় পাস হয়েছিল সংশোধনী বিলটি। পরের দিন, ৩০ জুলাই লোকসভাতেও তা অনুমোদন পায়। সংসদের দুই কক্ষের ছাড়পত্রের পর এবার রাষ্ট্রপতির সম্মতিতেই কার্যকর হওয়ার পথ খুলল সংশোধিত আইনের।

এত দিন ‘জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন’-এ জাতীয় সঙ্গীতের অবমাননা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হলেও জাতীয় গানের ক্ষেত্রে একই ধরনের কোনও বিধান ছিল না। নতুন সংশোধনের ফলে সেই ব্যবধান দূর হল। সংশোধিত আইন অনুযায়ী, ‘বন্দে মাতরম্‌’ পরিবেশনের সময় ইচ্ছাকৃত ভাবে বাধা সৃষ্টি করা বা তার মর্যাদাহানি করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা দু’টিই হতে পারে। জাতীয় গানকে আরও বেশি মর্যাদা দেওয়ার লক্ষ্যে গত কয়েক বছর ধরেই একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র। বর্তমানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত ‘বন্দে মাতরম্‌’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বিশেষ কর্মসূচিও চলছে। সেই আবহেই চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় গান পরিবেশনের নির্দিষ্ট নিয়মবিধি প্রকাশ করেছিল কেন্দ্র।

কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, ‘বন্দে মাতরম্‌’-এর ছ’টি স্তবক সম্পূর্ণ গাইতে সময় ধরা হয়েছে ১৯০ সেকেন্ড, অর্থাৎ ৩ মিনিট ১০ সেকেন্ড। যে সব সরকারি অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবেশনের রীতি রয়েছে, সেখানে ‘জনগণমন’-এর আগে ‘বন্দে মাতরম্‌’ পরিবেশন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বছরের স্বাধীনতা দিবসের লালকেল্লার অনুষ্ঠানেও সেই নিয়মের প্রতিফলন দেখা যাবে। প্রথমবার জাতীয় পতাকা উত্তোলনের সময় সেখানে ‘বন্দে মাতরম্‌’ পরিবেশন করা হবে। তার পর গাওয়া হবে জাতীয় সঙ্গীত ‘জনগণমন’। এবারের স্বাধীনতা দিবসের লালকেল্লার সরকারি আমন্ত্রণপত্রেও ‘বন্দে মাতরম্‌’-এর ছ’টি স্তবক স্থান পেয়েছে।

Related Articles