দেশ

ডিসেম্বরেই কি বাংলাদেশে প্রত্যাবর্তন? দেশে ফেরার আগে নতুন পাসপোর্টের আবেদন শেখ হাসিনার

বারবারই ডিসেম্বর মাসে মাতৃভূমিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি

Truth of Bengal: দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ধরে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বারবারই ডিসেম্বর মাসে মাতৃভূমিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এবার সেই প্রত্যাবর্তনের পথেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করলেন মুজিবকন্যা। সংবাদসংস্থা রয়টার্সের দাবি, নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন জানিয়েছেন হাসিনা। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কাছে তাঁর আইনজীবীদের মাধ্যমে এই আবেদন জমা পড়েছে বলে খবর। ফলে বাংলাদেশে ফেরার ক্ষেত্রে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট গণআন্দোলনের জেরে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হন শেখ হাসিনা। তারপর থেকেই ভারতে রয়েছেন তিনি। এর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পালাবদল হয়েছে। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় বিচারপ্রক্রিয়া। আন্দোলন দমনে পুলিশি অভিযানে বহু মানুষের মৃত্যুর ঘটনায় তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। এমনকী, ২০২৫ সালে একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ডের সাজাও শোনানো হয়। তবে গোড়া থেকেই বাংলাদেশের আদালতের বিচারপ্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে এসেছেন হাসিনা। তাঁর বক্তব্য, এই বিচার নিরপেক্ষ নয়। পরবর্তীকালে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হলেও হাসিনাকে দেশে ফেরানোর দাবি অব্যাহত রয়েছে। তাঁকে প্রত্যর্পণের জন্য নয়াদিল্লির উপরও চাপ তৈরি করেছে ঢাকা। এই পরিস্থিতিতেই ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার প্রীতি রহমানের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন। তাঁদের যুক্তি, অন্তর্বর্তী সরকারের আমলে হাসিনার পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছিল। কিন্তু তিনি বাংলাদেশের নাগরিক। তাই নাগরিকত্বের ভিত্তিতে তাঁর নামে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্র ইস্যু করা হোক। কেন হঠাৎ পাসপোর্টের প্রয়োজন? সূত্রের খবর, বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান হাসিনা। সেই প্রক্রিয়ার জন্য বৈধ বাংলাদেশি পাসপোর্ট প্রয়োজন বলে মনে করছেন তাঁর আইনজীবীরা। তবে পাসপোর্ট হাতে পেলেই যে দেশে ফেরা নিশ্চিত, এমনটা নয়। কারণ, হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তির বিষয়টিও সামনে আনছে তারেক রহমানের সরকার। ঢাকার অবস্থান, সাধারণ পাসপোর্টের পরিবর্তে ভারত যেন প্রত্যর্পণ চুক্তি মেনেই তাঁকে বাংলাদেশে ফেরত পাঠায়।

Related Articles