দেশ

দীপাবলির পর আরও বিষাক্ত দিল্লির বাতাস! বাড়ছে শ্বাসকষ্টের আশঙ্কা

দিল্লির ৫৯টি মনিটরিং স্টেশনের মধ্যে ১২টিতে বাতাসের মান ছিল ‘গুরুতর’ এবং ২২টিতে ‘অত্যন্ত খারাপ’।

Truth of Bengal: দীপাবলির উৎসবের মধ্যেই ভয়াবহ আকার নিচ্ছে দিল্লির বায়ুদূষণ। রবিবার রাজধানীর গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ৩৭৬, যা ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ের মধ্যে পড়ে। ঘন ধোঁয়াশায় ঢেকেছে গোটা শহর, কমেছে দৃশ্যমানতাও। দীপাবলির পর সোমবার পরিস্থিতি আরও খারাপ হয়ে AQI ‘গুরুতর’ পর্যায়ে পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দিল্লির ৫৯টি মনিটরিং স্টেশনের মধ্যে ১২টিতে বাতাসের মান ছিল ‘গুরুতর’ এবং ২২টিতে ‘অত্যন্ত খারাপ’। সবচেয়ে খারাপ পরিস্থিতি জাহাঙ্গিরপুরীতে, সেখানে AQI পৌঁছেছে ৪৬৩-এ। শনিবার শহরের গড় AQI ছিল ৩৬৯, রবিবার তা বেড়ে দাঁড়ায় ৩৭৬।

এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেমের পূর্বাভাস, ৯ নভেম্বর থেকে কয়েক দিন দিল্লির বাতাসের মান ‘গুরুতর’ পর্যায়ে থাকতে পারে। প্রতিকূল আবহাওয়া, বাজি পোড়ানো, যানবাহনের ধোঁয়া এবং পার্শ্ববর্তী রাজ্যগুলিতে খড় পোড়ানোর কারণে দূষণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।