পুজোর পরেই বাজবে পুরভোটের দামামা! বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার
মন্ত্রী বলেন, “প্রতিটি দপ্তরকেই নতুন করে গড়ে তুলতে হচ্ছে
Truth of Bengal: রাজ্যে কি ডিসেম্বরেই পুরভোট? সেই সম্ভাবনাই আরও জোরালো করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসে তিনি জানান, ডিসেম্বর মাসে পুরসভা নির্বাচন করার কথা ভাবছে রাজ্য সরকার। ফলে দুর্গাপুজোর পর থেকেই পুরভোটের প্রস্তুতি শুরু হয়ে যেতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে। মঙ্গলবার বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পালও। অডিটোরিয়ামে ঢোকার সময় প্রশাসকের অধীনে থাকা বিভিন্ন পুরসভার নাগরিক সমস্যা নিয়ে তাঁর কাছে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। তাঁদের কথা শোনার পর পুরমন্ত্রী জানান, নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখা এবং উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়াই সরকারের প্রধান লক্ষ্য।
রাজ্যে পালাবদলের পর একাধিক পুরসভায় নির্বাচিত বোর্ড ভেঙে গিয়েছে বা পুরপ্রধানরা পদত্যাগ করেছেন। ফলে বহু পুরসভায় বর্তমানে প্রশাসক নিয়োগ করে কাজ চালানো হচ্ছে। এই পরিস্থিতিতেই ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন করিয়ে নতুন পুরবোর্ড গঠনের সম্ভাবনার কথা জানিয়েছেন অগ্নিমিত্রা। মন্ত্রী বলেন, “প্রতিটি দপ্তরকেই নতুন করে গড়ে তুলতে হচ্ছে। গত ১৫ বছর বা তার আগের ৩৪ বছরে কোথায় কতটা কাজ হয়েছে, তা সকলেই জানেন। এখন প্রতিটি দপ্তরকে হাতে ধরে এগিয়ে নিয়ে যেতে হবে।” একইসঙ্গে তিনি জানান, ডিসেম্বরেই পুরসভা নির্বাচন করার বিষয়টি সরকারের ভাবনায় রয়েছে। অগ্নিমিত্রার দাবি, নির্বাচিত বোর্ড না থাকলেও প্রশাসক নিয়োগ করে পুরসভাগুলিতে পরিষেবা সচল রাখা হয়েছে। সাধারণ মানুষ যাতে রাস্তা, নিকাশি, পানীয় জল, আবর্জনা পরিষ্কার-সহ কোনও মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।
বাঁকুড়া জেলাতেও পালাবদলের পর তিনটি পুরসভার পুরপ্রধান পদত্যাগ করেছেন। ফলে সেখানে নির্বাচিত পুরবোর্ডের পরিবর্তে প্রশাসকের মাধ্যমে কাজ চলছে। এদিন ওই পুরসভাগুলির রাস্তা, নিকাশি, পানীয় জল এবং সাফাই পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ পুরমন্ত্রীর সামনে তুলে ধরেন স্থানীয়রা। সমস্যাগুলি শোনার পর দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেন অগ্নিমিত্রা। একইসঙ্গে ডিসেম্বরের মধ্যে পুরভোট করার সম্ভাবনার কথা জানিয়ে কার্যত নির্বাচিত পুরবোর্ড ফেরানোর ইঙ্গিতও দেন তিনি।






