দেশ

বন্দে ভারত স্লিপারে মিলবে না তৎকাল টিকিট! রেলের সিদ্ধান্তে বড় ধাক্কা যাত্রীদের

১৬ কোচের প্রিমিয়াম ট্রেনে চড়তে গেলে আগে থেকেই কাটতে হবে টিকিট! কড়া নিয়ম চালু করল ভারতীয় রেল

Truth of Bengal: দেশের প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে বন্দে ভারত এখন অন্যতম প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু। চেয়ার কারের পাশাপাশি ভারতীয় রেলের ট্র্যাকে ইতিমধ্যেই দাপিয়ে বেড়াচ্ছে বন্দে ভারতের অত্যাধুনিক স্লিপার ভার্সনও। ফলে শুধুমাত্র বসে নয়, এবার শুয়েও আরামদায়ক যাত্রা করা যাচ্ছে দেশের এই সেমি বুলেট ট্রেনে। তবে সাধারণ যাত্রীদের জন্য এবার এল এক বিরাট ধাক্কা। এখন থেকে আর আগে থেকে টিকিট না কাটলে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে চড়ার সুযোগ মিলবে না। কারণ ভারতীয় রেলের তরফে এই প্রিমিয়াম ট্রেনের জন্য কোনও রকম তৎকাল কোটা না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, হঠাৎ জরুরি প্রয়োজনে তৎকাল টিকিট কেটে বন্দে ভারত স্লিপারে আর ওঠা যাবে না।

কোন কোন রুটে চলছে বন্দে ভারত স্লিপার?

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশজুড়ে মূলত তিনটি গুরুত্বপূর্ণ রুটে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চলছে। এর মধ্যে রয়েছে হাওড়া-কামাখ্যা-হামাখ্যা বন্দে ভারত স্লিপার, বারাণসী-নয়াদিল্লি-বারাণসী বন্দে ভারত স্লিপার এবং বেঙ্গালুরু-মুম্বই-বেঙ্গালুরু বন্দে ভারত স্লিপার ট্রেন। প্রকাশিত ওই খবরে স্পষ্ট দাবি করা হয়েছে যে, এই তিনটি বন্দে ভারত স্লিপার ট্রেনের ক্ষেত্রেই কোনো তৎকাল কোটা রাখা হচ্ছে না। ফলে এখন থেকে যাত্রীদের শুধুমাত্র এআরপি (ARP) অর্থাৎ অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড বা অগ্রিম সংরক্ষণের নিয়ম মেনেই এই ট্রেনের টিকিট কাটতে হবে।

কেন এই সিদ্ধান্ত নিল রেল?

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রেলের আধিকারিক ড. শিবম শর্মা স্পষ্ট জানিয়েছেন যে, যাত্রীদের সামগ্রিক সুবিধার কথা মাথায় রেখেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের যুক্তি হল, তৎকাল কোটা তুলে দিয়ে যদি জেনারেল কোটায় সমস্ত আসন উন্মুক্ত রাখা হয়, তবে দীর্ঘ মেয়াদে আরও বেশি সংখ্যক সাধারণ যাত্রী এই ট্রেনে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করার সুযোগ পাবেন।

তা সত্ত্বেও রেলের এই সিদ্ধান্তে একাংশের মধ্যে অসন্তোষ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বহু মানুষই হঠাৎ জরুরি প্রয়োজনে তৎকাল কোটার ভরসায় থাকেন। বন্দে ভারতে সেই সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় শেষ মুহূর্তের যাত্রার পরিকল্পনা করা যাত্রীদের প্রবল সমস্যার মুখে পড়তে হবে।

বন্দে ভারত স্লিপারের তাক লাগানো বৈশিষ্ট্য

উল্লেখ্য, ১৬ কোচের সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত (AC) এই বন্দে ভারত স্লিপার ট্রেনটিতে সুরক্ষার জন্য রয়েছে আধুনিক ‘কবচ’ প্রযুক্তি এবং ইমার্জেন্সি টক ব্যাক সিস্টেমের মতো উন্নত পরিষেবা। ১৬টি কোচের মধ্যে ১১টি এসি থ্রি-টায়ার, চারটি এসি টু-টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ রয়েছে। এই বিলাসবহুল ট্রেনে একসঙ্গে মোট ৮২৩ জন যাত্রী একসঙ্গে যাত্রা করতে পারেন। তবে তৎকাল সুবিধা না থাকায় এখন যাত্রীদের সমস্ত পরিকল্পনা আগে থেকেই পাকা করতে হবে।

Related Articles