দেশ

Tobacco price hike: ১ ফেব্রুয়ারি থেকে একধাক্কায় চড়চড়িয়ে বাড়ছে সিগারেটের দাম

কেন্দ্র জানিয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে তামাকজাত দ্রব্যের উপর অতিরিক্ত আবগারি শুল্ক এবং পানমশলার উপর নতুন সেস আরোপ করা হবে।

Truth of Bengal: নতুন বছরে বড় ধাক্কা ধূমপায়ী ও তামাকসেবীদের জন্য। একলাফে বাড়তে চলেছে সিগারেট, বিড়ি, তামাক, পানমশলা ও গুটখার দাম। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকেই তামাকজাত পণ্যের উপর কার্যকর হচ্ছে নতুন কর ও অতিরিক্ত শুল্ক। ফলে নেশার জন্য এখন থেকে গুনতে হবে আরও বেশি টাকা।কেন্দ্র জানিয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে তামাকজাত দ্রব্যের উপর অতিরিক্ত আবগারি শুল্ক এবং পানমশলার উপর নতুন সেস আরোপ করা হবে। পাশাপাশি কার্যকর হচ্ছে অর্থ মন্ত্রকের জারি করা ‘চিবোনোর তামাক, জর্দা, সুগন্ধযুক্ত তামাক ও গুটখা প্যাকিং মেশিন (ক্ষমতা নির্ধারণ ও শুল্ক আদায়) বিধিমালা, ২০২৬’।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, পানমশলা, সিগারেট, তামাক ও গুটখার মতো তথাকথিত ‘পাপের পণ্য’-র উপর এবার থেকে ৪০ শতাংশ জিএসটি বসবে। এর সঙ্গে যোগ হচ্ছে অতিরিক্ত আবগারি শুল্ক ও নতুন সেস। তবে বিড়ির ক্ষেত্রে জিএসটি হার তুলনামূলক কম—১৮ শতাংশ রাখা হয়েছে।পানমশলার উপর বসানো হচ্ছে ‘হেলথ অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি সেস’, যা জনস্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত খাতে ব্যয় করা হবে বলে জানিয়েছে কেন্দ্র। অন্যদিকে, তামাক ও সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় উৎপাদন শুল্ক বা এক্সাইজ ডিউটি।

এর আগে সিগারেটের উপর ২৮ শতাংশ জিএসটি ও ক্ষতিপূরণ সেস মিলিয়ে মোট করের হার ছিল প্রায় ৫৩ শতাংশ। তবে নতুন কাঠামোয় জিএসটি বাড়ানোর পাশাপাশি সেস ও অতিরিক্ত শুল্ক যুক্ত হওয়ায় মোট করের পরিমাণ আরও অনেকটা বেড়ে যাচ্ছে। ফলে সিগারেট, তামাক, পানমশলা ও গুটখার দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। কোনও কোনও পণ্যের ক্ষেত্রে দাম প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।গত ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশনে কেন্দ্র ‘স্বাস্থ্য ও জাতীয় সুরক্ষা সেস বিল’ পাশ করায়। সেই বিলের মাধ্যমেই এই নেশাজাত পণ্যের উপর বাড়তি কর চাপানোর পথ প্রশস্ত হয়। কেন্দ্রের বক্তব্য ছিল, জিএসটির হার কমলেও যাতে এই ক্ষতিকর পণ্যের দাম না কমে, সে জন্যই অতিরিক্ত শুল্ক আরোপ করা হচ্ছে।