৭০ বছর লিভ-ইন! অবশেষে বিয়ে সারলেন ৯০ ও ৯৫ বছরের রামা-জীওয়ালি
Live-in for 70 years! Rama and Jeevali, aged 90 and 95, finally get married

Truth Of Bengal: রাজস্থানের ডুংরপুর জেলার গলন্দর গ্রামে প্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এক প্রবীণ যুগল। দীর্ঘ ৭০ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর, বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ৯৫ বছরের রামা ভাই খারারি ও ৯০ বছরের জীওয়ালি দেবী। তাঁদের এই সিদ্ধান্ত ঘিরে খুশির হাওয়া বইছে গোটা পরিবারে, এমনকি উৎসবে মেতেছে গোটা গ্রাম।
জানা গিয়েছে, আট সন্তান এবং বহু নাতিনাতনি থাকা সত্ত্বেও এতদিন তাঁরা সামাজিক রীতিতে বিবাহ করেননি। সম্প্রতি দু’জনেই বিয়েতে আগ্রহ প্রকাশ করেন। তারপরই তাঁদের সন্তান ও আত্মীয়রা সিদ্ধান্ত নেন, সম্পূর্ণ রীতিনীতিতে তাঁদের বিয়ে দেওয়া হবে। গ্রামের প্রবীণদের পরামর্শে ১ জুন হয় হালদি অনুষ্ঠান এবং ৪ জুন অনুষ্ঠিত হয় মূল বিবাহ পর্ব।
View this post on Instagram
রামা ভাইয়ের ছেলে কান্তিলাল খারারি জানান, “তাঁরা যখন বিয়েতে আগ্রহ দেখান, তখন গোটা পরিবার একজোট হয়ে উদ্যোগ নেয়। গ্রামের সকলে পাশে থাকায় অনুষ্ঠান খুবই আনন্দমুখর ছিল।”
বিয়ের আগে ছিল বাঙডলি বা শোভাযাত্রা— ডিজে মিউজিক, নাচ, এবং পরিবারের সকলে মিলে আনন্দ ভাগ করে নেন। ‘সাত পাকে ঘোরা’-র পর নবদম্পতির সম্মানে আয়োজন করা হয় মহাভোজের। অনুষ্ঠানে গ্রামবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নজর কাড়ে।
প্রসঙ্গত, এতদিন এই যুগল ‘নাতা’ প্রথা অনুযায়ী একসঙ্গে বসবাস করছিলেন। রাজস্থানের আদিবাসী সমাজে প্রচলিত এই প্রথা অনুযায়ী, কোন নারী-পুরুষ বিবাহ ছাড়াই একসঙ্গে থাকতে পারেন এবং তাঁদের সন্তানদের পিতার সম্পত্তিতে অধিকার থাকে। তবে, এই প্রথার কারণে সামাজিক কিছু অনুষ্ঠানে মহিলারা অংশ নিতে পারেন না, বিশেষ করে সন্তানদের বিয়ে বা হালদির অনুষ্ঠানে।






