Truth Of Bengal: আবারও বিপর্যস্ত জম্মু কাশ্মীর (Jammu Kashmir Floods)। চলছে মেঘ ভাঙ্গা বৃষ্টি, সঙ্গে হরপা বানের প্রকোপ। শুক্রবার গভীর রাতে চূড়ান্ত জলোচ্ছ্বাস। তছনছ হয়ে যায় জম্মুর রামবন জেলার রাজবাগ এলাকার কয়েকটি ঘরবাড়ি এবং একটি প্রাথমিক বিদ্যালয়। ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু ও এখনও বহু মানুষের নিখোঁজ হওয়ার খবর সামনে আসছে।
[আরও পড়ুন: বিশ্ব রেকর্ডের পথে অযোধ্যা, দীপাবলিতে ২৬ লক্ষ প্রদীপের আলো]
স্থানীয় সূত্রে খবর, এক টানা বৃষ্টি সেখানে চলছিল শুক্রবার বিকেল থেকেই। আচমকাই দ্রুবলা নালায় নামে হরপা বান। ঘড়িতে তখনপ্রায় সাড়ে বারোটা। প্রবল জলোচ্ছ্বাসের জেরে ভেসে যায় দুটি বাড়ি। রামবানের হরপা বানে মৃত্যু হয় চারজনের, নিখোঁজ আরও চারজন (Jammu Kashmir Floods)। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিখোঁজদের সন্ধান শুরু করে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দল। বৃষ্টি মাথায় নিয়ে দ্রুবলা নালার অববাহিকায় চলে উদ্ধারকাজ। শনিবার ভোরে ১১ জনের দেহ উদ্ধারের কথা জানায় পুলিশ। রেয়াসি জেলায় একই বাড়িতে সাতজনের মৃত্যুর খবর সামনে আসে। এর মধ্যে পাঁচজনই শিশু বলে পুলিশ সূত্রে খবর।
[আরও পড়ুন: ফুটবলই বদহজমের কারণ হল, এবার কী বলবেন মোদিজি!]
প্রসঙ্গত, গত ১৪ অগাষ্ট কিস্তওয়ারে ভয়াবহ হড়পা বান নেমে আসে মেঘভাঙা বৃষ্টির জেরে। নিখোঁজ এখনও বহু মানুষ। এই ধরনেরই প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে জম্মুর ডোডা, রেইসি ও কাঠুয়াতেও। সরকারি হিসেবে অনুযায়ী, কেন্দ্রশাসিত অঞ্চলটিতে মোট ১৩৮ জনের মৃত্যু হয়েছে কেবলমাত্র ১৪ অগস্ট থেকে ২৮ অগস্টের মধ্যে। এখনও কাটেনি বিপর্যয়ের আশঙ্কা। আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত জম্মুর পাহাড়ি এলাকায় টানা বৃষ্টি চলবে বলে জানিয়েছে মৌসম ভবন। বিপর্যস্ত উপত্যকায় রেল পথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ। শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক আবারও কবে খুলতে চলেছে তা এখনো জানানো হয়নি (Jammu Kashmir Floods)। জম্মু অঞ্চলে ৩০ আগস্ট পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।






