কলকাতা

তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি: আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস

দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে

Truth Of Bengal: তীব্র দাবদাহের পর বসন্তের বিদায়লগ্নে অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ৫ এপ্রিল ২০২৬, রবিবারের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই চড়চড় করে পারদ চড়ায় নাজেহাল দশা হয়েছিল সাধারণ মানুষের, তবে আজ বিকেলের পর থেকেই আবহাওয়ার ভোলবদল হতে পারে।

শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বিকেলের দিকে কলকাতার আকাশ মেঘলা হয়ে বজ্রপাতসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কালবৈশাখীর দাপট দেখা যেতে পারে।

ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই বর্ধমানের মতো জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়ে হলুদ সতর্কতা জারি করেছে আইএমডি। আবহাওয়া দফতর জানিয়েছে যে বৃষ্টির ফলে সাময়িক স্বস্তি মিললেও আর্দ্রতার মাত্রা ৮৬ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড় সংলগ্ন জেলাগুলি যেমন দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বিকেলের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ঝড়-বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ কিছুটা নামবে বলে আশা করা হচ্ছে। তবে বজ্রপাতের আশঙ্কায় সংশ্লিষ্ট জেলাগুলির বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদগণ।

Related Articles