কলকাতারাজ্যের খবর

পয়লা বৈশাখে কি ভিজবে তিলোত্তমা? কী বলছে হাওয়া অফিস?

ভ্যাপসা গরম আর ঘাম দৈনন্দিন জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে।

Truth of Bengal: চৈত্র মাস শেষ হতে না হতেই গ্রীষ্ম নিজের রুদ্রমূর্তি ধারণ করেছে। বুধবার পয়লা বৈশাখের সকালেও সেই একই পরিস্থিতির পুনরাবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকায় রোদের তেজ রীতিমতো চোখ রাঙাচ্ছে। ভ্যাপসা গরম আর ঘাম দৈনন্দিন জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। তবে অস্বস্তিকর এই আবহাওয়ায় কিছুটা স্বস্তির খবরও শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার কলকাতার তাপমাত্রার পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। রাতের দিকেও গরমের হাত থেকে রেহাই মেলেনি, কারণ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি বেড়ে পৌঁছেছে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যধিক থাকায় অস্বস্তি কাটছে না। আর্দ্রতা ৪১ থেকে ৯৪ শতাংশের মধ্যে ওঠানামা করায় দিনের বেলায় ঘাম বেশি হচ্ছে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, বুধবার বিকেলের পর দক্ষিণবঙ্গের কিছু জেলায় কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিমের জেলাগুলোতে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। তবে বাদ যাবে না দুই ২৪ পরগনা এবং কলকাতাও; সেখানেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির হাত ধরে কিছুটা আরাম মিললেও ভ্যাপসা গরম কিন্তু সম্পূর্ণ কমছে না। আগামী বৃহস্পতি ও শুক্রবার ঝড়-বৃষ্টির দাপট আরও বৃদ্ধি পেতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বিশেষ করে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ-সহ পশ্চিমের জেলাগুলোতে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবারেও নদিয়া এবং সংলগ্ন জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে। যদিও এই বৃষ্টির স্থায়িত্ব খুব বেশি হবে না, তাই গরম ও অস্বস্তি থেকেই যাবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস বহাল রেখেছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মালদা ও দুই দিনাজপুরেও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী দুই দিনে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরেও এখন গরমের মেজাজ কিছুটা চড়বে।

Related Articles