দক্ষিণবঙ্গে রোদের দাপট: মঙ্গলবারে ফের বৃষ্টির পূর্বাভাস
রোদের তেজ বাড়ার পাশাপাশি আর্দ্রতাও কিছুটা বাড়তে পারে
Truth Of Bengal: দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। টানা কয়েকদিন ঝড়-বৃষ্টির দাপট চলার পর আকাশ পরিষ্কার হতেই রাজ্যে পারদ চড়তে শুরু করেছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার থেকে আগামীকাল সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। রোদের তেজ বাড়ার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও কিছুটা বাড়তে পারে।
তবে শুষ্ক আবহাওয়ার এই স্বস্তি দীর্ঘস্থায়ী হচ্ছে না। আজ বিকেলের দিকে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ ফের বাড়বে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টির ধারা বজায় থাকবে বুধবারও, সেদিন ভিজে যেতে পারে মুর্শিদাবাদ ও নদিয়া জেলা।
এদিকে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানিয়েছে যে, ২০২৬ সালের বর্ষা মরশুমে ভারতে গড় বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে কিছুটা কম হতে পারে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে বৃষ্টির ঘাটতি থাকার আশঙ্কা থাকলেও পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত আগামী দুই দিন তাপমাত্রার সামান্য বৃদ্ধি ও মেঘলা আকাশের লুকোচুরি চললেও সপ্তাহের মাঝামাঝি ফের বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে হবে দক্ষিণবঙ্গবাসীকে।






