Jagdeep Dhankhar: ৪ মাস নিখোঁজ, এবার পেনশনের জন্য প্রকাশ্যে এলেন ধনখড়
নিয়ম অনুযায়ী, তিনি মাসে প্রায় ৪২ হাজার টাকা পেনশন পাবেন। রাজস্থানে একাধিক পদে নির্বাচিত নেতাদের জন্য দ্বিগুণ বা তিনগুণ পেনশনের বিধান রয়েছে।
Truth of Bengal: পেনশনের জন্য আবেদন করলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাজস্থান বিধানসভায় পেনশনের জন্য আবেদন করেছেন। ১৯৯৩ সালে কংগ্রেসের টিকিটে আজমির জেলার কিষাণগড় আসন থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন জগদীপ ধনখড়। সেই সূত্রেই বিধানসভা থেকে পেনশন পাওয়ার অধিকার রয়েছে তাঁর। বর্তমানে ধনখড়ের বয়স ৭৪ বছর। নিয়ম অনুযায়ী, তিনি মাসে প্রায় ৪২ হাজার টাকা পেনশন পাবেন। রাজস্থানে একাধিক পদে নির্বাচিত নেতাদের জন্য দ্বিগুণ বা তিনগুণ পেনশনের বিধান রয়েছে। অর্থাৎ, কেউ যদি সাংসদ এবং বিধায়ক দুই পদেই থাকেন, তবে উভয় ক্ষেত্রেই আলাদা পেনশন দাবি করতে পারেন। বিধানসভার স্পিকার বাসুদেব দেবনানি নিশ্চিত করেছেন, ধনখড়ের আবেদন পাওয়া গিয়েছে এবং প্রক্রিয়া চলছে (Jagdeep Dhankhar)।
২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন ধনখড়। সেই সময়ে তিনি বারবার রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে শিরোনামে ছিলেন। এরপরই উপরাষ্ট্রপতি হন ধনখড়। ২০২২ থেকে ২০২৫ সালের ২১ জুলাই পর্যন্ত তিনি এই পদে ছিলেন। তবে আচমকাই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন ধনখড়। ২১ জুলাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা চিঠিতে তিনি স্বাস্থ্যের কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এদিকে ইস্তফা দেওয়ার পর থেকে ধনখড়কে কোনও প্রকাশ্য অনুষ্ঠানে দেখা যায়নি। এখনও পর্যন্ত তিনি সংবাদমাধ্যমে এই নিয়ে কোনও বিবৃতি প্রকাশ দেননি। তাঁর মেয়াদ তখনও শেষ হয়নি, ফলে দেশের রাজনীতিতে ব্যাপক আলোড়ন তৈরি হয়। বিরোধীরা এই ইস্তফাকে ঘিরে কেন্দ্রীয় সরকারকে ক্রমাগত চাপে রাখছে (Jagdeep Dhankhar)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
কংগ্রেস নেতা রাহুল গান্ধি লোকসভায় প্রশ্ন তুলেছিলেন, ‘ যিনি রাজ্যসভায় গর্জন তুলতেন, তিনি হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে গিয়েছেন কেন? কেন প্রাক্তন উপরাষ্ট্রপতি প্রকাশ্যে একটি কথাও বলছেন না?’ আইনজীবী ও রাজনীতিক কপিল সিবাল কটাক্ষ করে বলেন, এতদিন তিনি ‘নিখোঁজ মহিলা’র কথা শুনেছিলেন, কিন্তু এবার প্রথমবার ‘নিখোঁজ উপরাষ্ট্রপতি’র ঘটনা সামনে এল। তিনি ধনখড়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। সিবাল জানান, ইস্তফার দিনই তিনি ধনখড়ের ব্যক্তিগত সচিবের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তখন বলা হয়েছিল, তিনি বিশ্রাম নিচ্ছেন। এরপর তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি। এমনকি বর্তমানে তাঁর অবস্থান নিয়েও স্পষ্ট কিছু জানা যাচ্ছে না।






