পাহাড় ভ্রমণে পকেটে টান! ১ এপ্রিল থেকে হিমাচলে ঢুকতে পর্যটকদের গুনতে হবে বাড়তি টোল
ছোট ব্যক্তিগত চারচাকা গাড়ির ক্ষেত্রে টোলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
Truth of Bengal: পর্যটকদের বড় ধাক্কা। হিমাচল প্রদেশে বেড়াতে গেলে গুনতে হবে মোটা টাকা। কেননা আগামী ১ এপ্রিল থেকে হিমাচল প্রদেশে প্রবেশ করা অন্য রাজ্যের গাড়িগুলিকে আগের তুলনায় বেশি টোল দিতে হবে। নতুন অর্থবর্ষের শুরুতেই এই নিয়ম চালু করছে রাজ্য প্রশাসন। তবে হিমাচলের নিজস্ব নম্বরের গাড়িগুলি এই বাড়তি টোলের আওতায় আসবে না। প্রশাসনিক সূত্রে জানা গেছে, গাড়ির ধরন অনুযায়ী আলাদা হারে টোল ধার্য করা হয়েছে। ছোট ব্যক্তিগত চারচাকা গাড়ির ক্ষেত্রে টোলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এতদিন যে অঙ্ক নেওয়া হত, তার তুলনায় এখন অনেক বেশি টাকা গুনতে হবে পর্যটকদের। ভারী যানবাহন—যেমন বাস বা ট্রাক—এর ক্ষেত্রে আগের হারই বহাল থাকছে। তবে ছোট বাণিজ্যিক গাড়ি, মিনিবাস এবং নির্মাণকাজে ব্যবহৃত বড় গাড়ির জন্য নতুন করে আলাদা টোল নির্ধারণ করা হয়েছে। বৃহৎ পণ্যবাহী ট্রাকের ক্ষেত্রেও নির্দিষ্ট উচ্চ হারে টোল ধার্য করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সব গাড়িতেই ফাস্ট্যাগ থাকা বাধ্যতামূলক। রাজ্যে একাধিক টোল প্লাজ়া থাকায় এই সিদ্ধান্ত পর্যটক এবং বাণিজ্যিক পরিবহণ—দুই ক্ষেত্রেই প্রভাব ফেলতে পারে। প্রশাসনের বক্তব্য, রাস্তার ভিড় নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা উন্নত করতেই এই পদক্ষেপ। যদিও বাড়তি টোলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক চালক।






