Truth of Bengal: নিতেশ তিওয়ারি পরিচালিত বহুচর্চিত ছবি ‘রামায়ণ’-এর প্রচারে ব্যস্ত ছিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তবে সেই ব্যস্ততার মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়েছেন তিনি। জানা গিয়েছে, কনজাংটিভাইটিসে (চোখ ওঠা) আক্রান্ত হয়েছেন অভিনেতা। সংক্রমণের জেরে তাঁর চোখ লাল হয়ে গিয়েছে এবং অনবরত জল পড়ছে। তবুও পেশাগত দায়িত্বে কোনও খামতি রাখতে চান না রণবীর।
সূত্রের খবর, প্রথমে এই সংক্রমণে আক্রান্ত হয়েছিল রণবীর ও আলিয়া ভাটের মেয়ে রাহা। পরে তার থেকেই সংক্রমিত হন রণবীর। সম্প্রতি আলিয়া ভাটকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে যেতে দেখা যায় অভিনেতাকে। সেই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনুরাগীরা।
বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন রণবীর। প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি সংক্রমণ যাতে না বাড়ে, সেজন্য সব ধরনের সতর্কতাও নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, আগামী ২৪ জুলাই দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হতে চলা ‘রামায়ণ: প্রথম সংকল্প’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ওই অনুষ্ঠানে সংক্রমণ থেকে চোখকে সুরক্ষিত রাখতে তাঁকে সানগ্লাস পরে থাকতে হতে পারে।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, রণবীর নিজের কাজের প্রতি অত্যন্ত দায়িত্বশীল। তাই শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও ছবির প্রচার থেকে সরে দাঁড়াতে চাননি। তাঁর এই সিদ্ধান্তকে অনেকেই পেশাদারিত্বের উদাহরণ হিসেবে দেখছেন। এদিকে, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ইতিমধ্যেই ‘রামায়ণ’-এর ট্রেলারকে ‘ইউ’ (U) শংসাপত্র দিয়েছে। জানা গিয়েছে, ট্রেলারের দুটি সংস্করণ জমা দেওয়া হয়েছিল—একটির দৈর্ঘ্য প্রায় ৪ মিনিট ১৫ সেকেন্ড এবং অন্যটির প্রায় ৪ মিনিট। উল্লেখ্য, নিতেশ তিওয়ারির এই মেগা বাজেটের পৌরাণিক ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দেখা যাবে যশকে। বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার প্রকাশের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।






