পরীক্ষার্থীদের প্রস্তুতি কেমন? সিউড়ির স্কুলে আচমকা পরিদর্শনে বীরভূমের জেলাশাসক
উপস্থিত ছিলেন জেলার পর্যবেক্ষক অভিজিৎ নন্দন-সহ উচ্চ মাধ্যমিক বোর্ডের জেলার অন্যান্য সদস্যরা।
Truth of Bengal: উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার দিন সিউড়ির ১২ নম্বর ওয়ার্ড এলাকার আর্টি গার্লস হাই স্কুলে পরিদর্শনে এলেন বীরভূমের জেলাশাসক ধবল জৈন। শুক্রবার পরীক্ষা শুরুর আগেই তিনি বিদ্যালয়ে পৌঁছে পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখেন এবং পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।জেলাশাসক পরীক্ষাকক্ষগুলি ঘুরে দেখেন। উপস্থিত ছিলেন জেলার পর্যবেক্ষক অভিজিৎ নন্দন-সহ উচ্চ মাধ্যমিক বোর্ডের জেলার অন্যান্য সদস্যরা।
পরীক্ষার সামগ্রিক পরিবেশ ও পরিকাঠামো নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক ধবল জৈন জানান, পরীক্ষার্থীদের প্রস্তুতি কেমন রয়েছে, কোনও অসুবিধা হচ্ছে কি না—সেসব খতিয়ে দেখতেই তাঁর এই সফর। তিনি বলেন, পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সঙ্গেও কথা বলা হয়েছে। আগের পরীক্ষাগুলি সুষ্ঠুভাবে হয়েছে। আজও পরীক্ষা সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলেই আমরা আশাবাদী।
এদিন জেলাশাসকের সঙ্গে বিদ্যালয়ের বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত দাবি তুলে ধরেন প্রধান শিক্ষিকা ক্রিস্টিনা মার্ডি। তিনি জানান, জেলাশাসক বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেছেন এবং উন্নয়নের দাবিগুলি মনোযোগ দিয়ে শুনে যথাসম্ভব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে এদিন দুই পরীক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার আগে তাঁদের অ্যাডমিট কার্ড হারিয়ে ফেললেও দ্রুত প্রশাসনিক উদ্যোগে তাদের পরীক্ষায় বসার ব্যবস্থা করা হয়। প্রশাসনের তৎপরতায় তারা নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়।






