পুলকারে ট্রেনের ধাক্কায় শেষ ৫টি তাজা প্রাণ! মুর্শিদাবাদ ট্র্যাজেডিতে গাফিলতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা রাজ্যের, দোষীদের নিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী?
Truth of Bengal: শুক্রবারের বৃষ্টিভেজা সকালে এক অত্যন্ত মর্মান্তিক ও ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হলো মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ। লেভেল ক্রসিং খোলা থাকার কারণে দ্রুতগতিতে ছুটে আসা একটি ডাউন ট্রেন সজোরে ধাক্কা মারে একটি স্কুল পড়ুয়া বোঝাই পুলকার এবং এক সাইকেল আরোহীকে। এই হাড়হিম করা সংঘর্ষে ৪টি শিশু-সহ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মোট ৫ জনের। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই ভয়াবহ ঘটনার খবর পাওয়া মাত্রই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোকার্ত পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা
এই ভয়াবহ ট্র্যাজেডিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রতিটি মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। একই সাথে দুর্ঘটনায় গুরুতর আহতদের চিকিৎসার সমস্ত দায়ভার রাজ্য সরকার নিজের কাঁধে তুলে নিয়েছে। তাদের যাতে সর্বোত্তম চিকিৎসা পরিষেবা দেওয়া যায়, প্রশাসনকে সেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
“দোষীদের কঠোরতম শাস্তি হবে”, কড়া বার্তা শুভেন্দুর
দুর্ঘটনার পর প্রাথমিক তদন্তের ভিত্তিতে রেলের গেটম্যানের চরম উদাসীনতাকে দায়ী করে ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, “কোনও প্রকার গাফিলতি বরদাস্ত করা হবে না। রাজ্যের পুলিশ ইতিমধ্যেই রেলওয়ের ওই গেটম্যানকে গ্রেফতার করেছে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। আমি কথা দিচ্ছি, যারা দোষী সাব্যস্ত হবেন, তাঁদের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছেছে প্রতিনিধি দল
দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে প্রশাসন। রাজ্যের মন্ত্রী গৌরীশংকর ঘোষ ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। জেলাশাসক ও পুলিশ সুপার সকাল থেকেই দুর্ঘটনাস্থলে থেকে পরিস্থিতি তদারকি করছেন। এছাড়াও আহতদের চিকিৎসার বিষয়টি ব্যক্তিগতভাবে তদারকি করছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়ে সমস্ত রকমের সহযোগিতা সুনিশ্চিত করছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা মুর্শিদাবাদ জুড়ে নেমে এসেছে শোকের কালো ছায়া।






