হড়পা বানে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, ৮৪২টি রাস্তা বন্ধ
টানা বৃষ্টি ও হড়পা বানের জেরে নাথপার কাছে জাতীয় সড়ক ৫-এর প্রায় ১৯০ মিটার অংশ ধসে গিয়েছে।
Truth Of Bengal: মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল প্রদেশের (Himachal) শিমলার রামপুর বুশহর। রামপুর বুশহরের বাশালে প্রবল মেঘভাঙা বৃষ্টির পর বধাল ও সারাহন পঞ্চায়েত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। টানা বৃষ্টি ও হড়পা বানের জেরে নাথপার কাছে জাতীয় সড়ক ৫-এর প্রায় ১৯০ মিটার অংশ ধসে গিয়েছে।
[আরও পড়ুন: মর্মান্তিক! বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে চলছে পারিবারিক অশান্তি, অলক্ষ্যে পুকুরে পড়ে মৃত্যু শিশুর]
একইভাবে নিগুলসরীর কাছে আরও ৮০ মিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে শিমলার সঙ্গে রামপুর বুশহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া ধসের কারণে তিনটি জাতীয় সড়ক-সহ রাজ্যের মোট ৮৪২টি রাস্তা বন্ধ হয়ে গেছে। কুলু জেলার হিড়বেতেও মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে দাবি, বহু বাড়ি ভেঙে গিয়েছে, যদিও এখন পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
উল্লেখ্য, হিমাচল প্রদেশে সম্প্রতি টানা ভারী বৃষ্টিপাত। এহেন অত্যাধিক বর্ষণের ফলে আকস্মিক বন্যা ও ভূমিধস সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে (Himachal)। ভারী বৃষ্টিপাতের কারণে মানালি, মান্ডি, শিমলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে ভূমিধস ও হঠাৎ বন্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে মানালি-লে হাইওয়ের একাধিক জায়গা বন্ধ হয়ে গিয়েছে।
[আরও পড়ুন: Tushar Deshpande: মাহিকে বল করার অভিজ্ঞতা তুলে ধরলেন তুষার]
বন্যার জলে ইতিমধ্যে একটি বহুতল হোটেল এবং চারটি দোকান ভেসে গিয়েছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে। এমনকি কোথাও কোথাও পরিস্থিতি ৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে (Himachal)। বিশেষ করে সোমবার উনা, চম্বা, কাংড়া, কুলু এবং মণ্ডী জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বলা বাহুল্য, লাগাতার বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।






