দেশ

Train Accident: ঝাড়খণ্ডে মুখোমুখি সংঘর্ষ দুই মালগাড়ির, লাইনচ্যুত ২০টি কামরা

দুর্ঘটনায় দুই ট্রেন মিলিয়ে প্রায় ২০টি কামরা লাইনচ্যুত হয়েছে। ঘটনাস্থলে রেলের আধিকারিকরা পৌঁছে উদ্ধার ও সরানোর কাজ শুরু করেছেন।

Truth of Bengal: ফের রেল দুর্ঘটনা। শনিবার ভোরে ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসওয়ান জেলার চাণ্ডিল স্টেশনের কাছে দুই মালগাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ । দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় দুই ট্রেন মিলিয়ে প্রায় ২০টি কামরা লাইনচ্যুত হয়েছে। ঘটনাস্থলে রেলের আধিকারিকরা পৌঁছে উদ্ধার ও সরানোর কাজ শুরু করেছেন। যদিও এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর মেলেনি। রেল সূত্রের খবর, লোহাবোঝাই একটি মালগাড়ি টাটানগর থেকে পুরুলিয়ার পথে চাণ্ডিল স্টেশন পার হওয়ার পর লাইনচ্যুত হয়ে পাশের লাইনে উঠে যায় (Train Accident)।

আরও পড়ুন: Trump–Putin: ট্রাম্পের মধ্যস্থতায় আলাস্কায় মুখোমুখি হচ্ছেন পুতিন, ১৫ই অগাস্ট হতে পারে ঐতিহাসিক বৈঠক!

তখন বিপরীত দিক থেকে আসা আরও একটি মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের জেরে দ্বিতীয় মালগাড়িরও কয়েকটি কামরা লাইনচ্যুত হয়। প্রাথমিক অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। রেল সূত্রে খবর, কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় চাণ্ডিল-টাটানগর শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অন্তত ২০টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে, বেশ কয়েকটি ট্রেন ঘুরপথে চলছে। বাতিলের তালিকায় রয়েছে পটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেস, টাটানগর-কাটিহার এক্সপ্রেস ও কাটিহার-টাটানগর এক্সপ্রেস। প্রভাব পড়েছে হাওড়া শাখার ট্রেন চলাচলেও (Train Accident)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

দক্ষিণ-পূর্ব রেলের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (আদ্রা ডিভিশন) বিকাশ কুমার জানিয়েছেন, আপ ও ডাউন দুই লাইনের চলাচল ব্যাহত হয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, শনিবারের ঘটনায় মালগাড়ি জড়িত থাকায় বড়সড় প্রাণহানি এড়ানো গিয়েছে। যাত্রীবাহী ট্রেন হলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারত (Train Accident)।

Related Articles