দেশ

৯ দিনের অনশনে আশঙ্কাজনক অবস্থা! হাসপাতালে ভর্তি ‘ঝাড়খণ্ডের ওয়াংচুক’ দেবেন্দ্রনাথ

এর আগে আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ক্ষুব্ধ পড়ুয়ারা বিধানসভা ঘেরাওয়ের ডাক দেন।

Truth of Bengal: ঝাড়খণ্ডে শিক্ষা নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে তৈরি হওয়া আন্দোলন তীব্র রূপ ধারণ করেছে। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) ও স্টাফ সিলেকশন কমিশনের (JSSC) পরীক্ষায় অনিয়মের অভিযোগে হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে হাজার হাজার পরীক্ষার্থী রাজপথে নেমেছেন। এই বিক্ষোভের কেন্দ্রে রয়েছেন ‘ঝাড়খণ্ডের ওয়াংচুক’ নামে পরিচিত লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার নেতা ও সমাজকর্মী দেবেন্দ্রনাথ মাহাতো। সিবিআই ও ইডি তদন্ত, প্রক্রিয়া স্বচ্ছ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা এবং যোগ্যদের বিচারের দাবিতে তিনি টানা ৯ দিন ধরে অনশনে বসেছিলেন। সোমবার রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিক কমে যাওয়ার পাশাপাশি শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটায় তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো হয়।

এর আগে আন্দোলনকারীদের সঙ্গে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ক্ষুব্ধ পড়ুয়ারা বিধানসভা ঘেরাওয়ের ডাক দেন। এর ফলে সোমবার রাঁচি চত্বর রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারী পড়ুয়া ও সাধারণ মানুষকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি জলকামান ব্যবহার করে। পুরো ঘটনাকে কেন্দ্র করে সমগ্র রাজ্যে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, আমরণ অনশনকালে অন্ন-জল ত্যাগ করলেও পরিবেশকর্মী সোনম ওয়াংচুকের পরামর্শে দেবেন্দ্রনাথ নির্জলা অনশন ভেঙে জলে মধু মিশিয়ে পান করা শুরু করেছিলেন। তবে অন্ন গ্রহণ না করায় তাঁর শারীরিক পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। আপাতত হাসপাতালে তিনি চিকিৎসাধীন থাকলেও আন্দোলনকারীরা তাঁদের দাবি পূরণের বিষয়ে অনড় রয়েছেন।

Related Articles