বিশাখাপত্তনমে HPCL তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ! আগুনে ঢাকল এলাকা
পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, শোধনাগারের ভিতরে একটি সালফার পিচ ট্যাঙ্কে আগুন লাগার জেরেই এই বিপত্তি।
Truth of Bengal: অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (HPCL) তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের পর বিধ্বংসী আগুন। সোমবার রাতে আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে শোধনাগার। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, শোধনাগারের ভিতরে একটি সালফার পিচ ট্যাঙ্কে আগুন লাগার জেরেই এই বিপত্তি। বিস্ফোরণের পর প্রাণ বাঁচাতে দ্রুত বাইরে বেরিয়ে আসেন শোধনাগারের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন নেভানোর কাজ চলছে।
বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার শঙ্খব্রত বাগচী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগুন ওই ট্যাঙ্কের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। শোধনাগারের অন্য অংশে আগুন ছড়িয়ে পড়েনি। অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওগুলির সত্যতা যাচাই করা হয়নি।


