দেশ

কড়া বিধিনিষেধেও দিল্লিতে দূষণের দাপট! AQI পৌঁছল ৩৩১-এ

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (CPCB) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টায় দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) বেড়ে ৩৩১-এ পৌঁছেছে।

Truth of Bengal: দিল্লিতে দূষণ নিয়ন্ত্রণে পুরনো যানবাহন নিষিদ্ধ করার পাশাপাশি সরকারি ও বেসরকারি কর্মীদের ৫০ শতাংশকে বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার থেকেই কার্যকর হয়েছে একাধিক বিধিনিষেধ। কিন্তু তাতেও দূষণ কমার লক্ষণ নেই। মঙ্গলবার সকালে ঘন ধোঁয়াশায় ঢেকে যায় রাজধানী দিল্লি।

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (CPCB) তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টায় দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) বেড়ে ৩৩১-এ পৌঁছেছে। যা ‘খুব খারাপ’ পর্যায়ের। দিল্লির আটটি পর্যবেক্ষণ কেন্দ্রে AQI ৪০০-র উপরে রেকর্ড করা হয়েছে। দূষণের প্রভাব ছড়িয়েছে নয়ডা ও গুরুগ্রামেও। বহুতল ভবনগুলি ঘন ধোঁয়াশার আড়ালে ঢাকা পড়েছে।

সোমবার সকাল ৯টায় দিল্লির AQI ছিল ৩১২। বিকেলে তা বেড়ে ৩২৪ হয়। মঙ্গলবার সকালে আরও বেড়ে ৩৩১-এ পৌঁছেছে। অর্থাৎ, একাধিক বিধিনিষেধ কার্যকর হলেও বায়ুর গুণমান ক্রমশ খারাপ হচ্ছে।

সরকারি নির্দেশ অনুযায়ী, বিএস৬ মানদণ্ড পূরণ করে না এমন যানবাহনের দিল্লিতে প্রবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকবে। বৈদ্যুতিক ও সিএনজি চালিত যানবাহন, অ্যাম্বুলেন্স এবং দমকলের গাড়িকে ছাড় দেওয়া হয়েছে। একই সময়সীমায় নির্মাণকাজ ও বাড়ি ভাঙার কাজও নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, সামনেই দীপাবলি। উৎসবের অন্যতম অঙ্গ বাজি পোড়ানো। সুপ্রিম কোর্ট দিল্লিতে বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে। ফলে দূষণের পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

Related Articles