দেশ

কৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য, সমালোচনার মুখে ক্ষমা চাইলেন বাগেশ্বর বাবা

মধ্যপ্রদেশের শিবপুরীতে ‘রামকথা’ অনুষ্ঠানে রাম ও কৃষ্ণের তুলনা করতে গিয়ে ধীরেন্দ্র শাস্ত্রী শ্রীকৃষ্ণের বাঁশি বাজানো মূর্তি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

Truth of Bengal: রামের গুণগান করতে গিয়ে কৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে সমালোচনার মুখে পড়লেন মধ্যপ্রদেশের সন্ন্যাসী ধীরেন্দ্র শাস্ত্রী, যিনি বাগেশ্বর বাবা নামে পরিচিত। তাঁর মন্তব্য, “কৃষ্ণের বাঁশি কোনও কাজের নয়, রামের ধনুকই আসল।” এই বক্তব্য ঘিরে প্রতিবাদ শুরু হতেই তড়িঘড়ি ক্ষমা চেয়ে নেন তিনি। তবে তাতেও বিতর্ক থামেনি।

মধ্যপ্রদেশের শিবপুরীতে ‘রামকথা’ অনুষ্ঠানে রাম ও কৃষ্ণের তুলনা করতে গিয়ে ধীরেন্দ্র শাস্ত্রী শ্রীকৃষ্ণের বাঁশি বাজানো মূর্তি নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তাঁর বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। মথুরা-বৃন্দাবনের সন্ন্যাসীরাও এই মন্তব্যের প্রতিবাদ করেন।

তাঁদের মতে, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কৃষ্ণের নানা রূপের সঙ্গে গভীর আবেগ জড়িয়ে রয়েছে। অনেকের কাছে বালক কৃষ্ণ ঘরের সন্তানের মতো। তাই কৃষ্ণের বংশীধারী রূপ নিয়ে এমন মন্তব্য ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ।

এর আগেও কলকাতায় দুর্গাপুজোর সময় আমিষভোজীদের ‘পাখণ্ডী’ বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বাগেশ্বর বাবা। এবার কৃষ্ণকে নিয়ে মন্তব্যের জেরে ফের সমালোচনার মুখে পড়লেন তিনি।