বিনোদন

ভালোবাসার মরশুমে ফের বড়পর্দায় ফিরছে ‘সাইয়ারা’! শুরু অ্যাডভান্স বুকিং

এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আবারও বড়পর্দায় ফিরছে অহান পাণ্ডে এবং অনীত পাড্ডার রসায়ন

Truth of Bengal: গত বছর রুপোলি পর্দায় ঝড় তোলা মোহিত সুরির মিউজিক্যাল রোম্যান্টিক ড্রামা ‘সাইয়ারা’ নিয়ে দর্শকদের উন্মাদনা যেন থামবার নয়। নতুন বছরের শুরুতেই সিনেমা প্রেমীদের জন্য সুখবর নিয়ে এল এই ছবিটি। শোনা যাচ্ছে, এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে আবারও বড়পর্দায় ফিরছে অহান পাণ্ডে এবং অনীত পাড্ডার রসায়ন।

২০২৫ সালের জুলাই মাসে মুক্তি পাওয়া এই ছবিটি বক্স অফিসে রীতিমতো ইতিহাস তৈরি করেছিল। বিশ্বজুড়ে প্রায় ৫৭৭ কোটি টাকার ব্যবসা করে এটি গত বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তকমা ছিনিয়ে নিয়েছে। শুধু তাই নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী রোমান্টিক ছবির তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে এই সিনেমাটি।

যদিও যশরাজ ফিল্মসের পক্ষ থেকে অফিশিয়াল কোনো ঘোষণা এখনও আসেনি, তবে মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু এবং পুনের মতো বড় শহরগুলোর বেশ কিছু প্রেক্ষাগৃহে ছবির টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। ভালোবাসার সপ্তাহে দর্শকদের আবারও বড়পর্দায় মজে ওঠার সুযোগ করে দিচ্ছে এই রি-রিলিজ।

পরিচালক মোহিত সুরির হাত ধরে এই ছবির মাধ্যমেই বলিউডে অভিষেক ঘটেছিল অহান পাণ্ডে এবং অনীত পাড্ডার। তাঁদের সাবলীল অভিনয় এবং ছবির গানগুলো এখনও মানুষের মুখে মুখে ঘোরে। যারা গত বছর প্রেক্ষাগৃহে মিস করেছিলেন অথবা আবারও বড়পর্দায় এই প্রেমের গল্প দেখতে চান, তাঁদের জন্য এটি দারুণ সুযোগ।