কলকাতা

এক ফ্রেমে কল্যাণ-মহুয়া! সাগরিকা ঘোষের মেয়ের বিয়েতে জমজমাট পুনর্মিলন

তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে বচসার জেরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদীয় দলের চিফ হুইপের পদ পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন।

Truth Of Bengal: এক সময় একে অপরের চক্ষুশূল ছিলেন তাঁরা। সংসদ অধিবেশনের মধ্যেই প্রকাশ্যে দেখা গিয়েছিল তাঁদের তীব্র মতবিরোধ। সেই ঘটনার রেশ গড়িয়েছিল বহু দূর পর্যন্ত। তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে বচসার জেরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদীয় দলের চিফ হুইপের পদ পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন।

দুই হেভিওয়েট সাংসদের পুনর্মিলনের ছবি সামনে এসেছে। সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রকে হাসিমুখে কথা বলতে, একে অপরের খোঁজখবর নিতে এবং পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায়।

এই ছবি নিজেই ফেসবুকে পোস্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেই ছবিকে ঘিরেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একসময়ের তিক্ততা ভুলে তাঁদের এই সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত অনেকের নজর কেড়েছে।

রবিবার ছিল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ও বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের কন্যার বিয়ে। সেই অনুষ্ঠানেই আমন্ত্রিত ছিলেন দলের একাধিক নেতা ও সাংসদ। নবদম্পতিকে আশীর্বাদ জানাতে বিয়েবাড়িতে হাজির হন তৃণমূলের বর্ষীয়ান সাংসদরা।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্র-সহ দলের শীর্ষ নেতারা। বিয়েবাড়িতেই তাঁদের দু’জনকে একসঙ্গে দেখা যায়, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ফ্যাশনের দিক থেকেও বরাবরই নজর কাড়েন মহুয়া মৈত্র। এদিনও ব্যতিক্রম ছিল না। ঘন নীল রঙের জমকালো শাড়ি, শাল এবং হালকা মেকআপে বিয়েবাড়িতে তাঁকে দারুণ আকর্ষণীয় দেখাচ্ছিল।

Related Articles