বিনোদন

৪ মে-র আগেই বড় ইঙ্গিত প্রসেনজিতের! রাজনীতির ময়দান না কি অন্য কিছু?

আসলে বিষয়টি যতটা রাজনৈতিক বলে মনে হয়েছিল, পর্দার নেপথ্যের কারণটি ঠিক ততটাই সিনেমাটিক

Truth of Bengal: বাংলার মসনদে কে বসবে, তা নিয়ে যখন গোটা রাজ্যের রাজনৈতিক পারদ তুঙ্গে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করে চাঞ্চল্য ছড়িয়ে দিলেন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর ওয়ালে ফুটে উঠেছে একটি লাইন— ‘অনেকদিন পর শহরে অপেক্ষা করতে ভালো লাগছে।’ মাত্র ৪৮ ঘণ্টা পরেই বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ, আর তার ঠিক আগেই বুম্বাদার এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য দেখে নেটপাড়ার বাসিন্দাদের মনে প্রশ্ন জাগে, তবে কি অভিনেতাও ৪ মে-র রেজাল্টের জন্যই দিন গুনছেন?

আসলে বিষয়টি যতটা রাজনৈতিক বলে মনে হয়েছিল, পর্দার নেপথ্যের কারণটি ঠিক ততটাই সিনেমাটিক। জানা গিয়েছে, কোনো রাজনৈতিক দল বা ফলের জন্য নয়, বরং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ‘এনআইডিয়াস’-এর ব্যানারে আসতে চলেছে নতুন একটি সিনেমা, যার নামই ‘অনেকদিন পর’। আর সেই ছবির প্রচারের অঙ্গ হিসেবেই এই অভিনব পন্থায় ট্যাগলাইনটি প্রকাশ্যে এনেছেন তিনি।

এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌরভ পালোধী। সম্প্রতি ‘অঙ্ক কী কঠিন’ সিনেমার সাফল্যের পর সৌরভের হাত ধরে এবার এই নতুন গল্পের উন্মোচন হতে চলেছে। এই প্রথমবার প্রসেনজিতের প্রযোজনা সংস্থার সঙ্গে জুটি বাঁধছেন তিনি। সিনেমার কাহিনী যৌথভাবে লিখেছেন সৌরভ পালোধী ও সৌমিত দেব। একঝাঁক দক্ষ অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে এই নতুন ছবিতে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা, শতরূপা এবং বিমল গিরি। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শঙ্কর দেবনাথ, দেবেশ রায়চৌধুরী, চন্দন সেন, সোমা বন্দ্যোপাধ্যায় ও বিমল চক্রবর্তীদের মতো শিল্পীদের।

সিনেমার কারিগরি দিকটিও বেশ পোক্ত। চিত্রগ্রহণের দায়িত্ব সামলাচ্ছেন অঙ্কিত সেনগুপ্ত এবং সম্পাদনায় রয়েছেন প্রণয় দাশগুপ্ত। সুরের মূর্ছনায় থাকছেন সপ্তক সানাই। জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে ২০২৬ সালের নভেম্বর মাস থেকেই শুরু হবে এই ছবির শুটিং। আপাতত নির্বাচনের ডামাডোলের মাঝে নিজের ছবির নামকে এমন বুদ্ধিমত্তার সঙ্গে প্রচার করে দর্শকদের মনে কৌতূহল উসকে দিলেন টলিউডের জ্যেষ্ঠপুত্র।

Related Articles