ভোট পরবর্তী সন্ত্রাসে উত্তপ্ত ফলতা! ইভিএমে কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবিতে রণক্ষেত্র
এদিন সকাল থেকেই হাসিম নগরে জমায়েত হতে শুরু করেন সাধারণ মানুষ।
Truth of Bengal: বিধানসভা নির্বাচন মিটে গেলেও অশান্তি পিছু ছাড়ছে না দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভার। ভোট পরবর্তী হিংসা এবং শাসকদলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকার মানুষ এখন ঘরের বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন। এই পরিস্থিতির প্রতিবাদে ও ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের দাবিতে আজ উত্তাল হয়ে উঠল হাসিম নগর এলাকা। হাজার হাজার এলাকাবাসী এদিন রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন।
এদিন সকাল থেকেই হাসিম নগরে জমায়েত হতে শুরু করেন সাধারণ মানুষ। অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, নির্বাচনে বুথ দখল, ভোটারদের ভোট দানে বাধা এবং ইভিএম মেশিনের উপরে ব্ল্যাক টেপ লাগিয়ে দেওয়া হয়েছিল। এমন গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন এলাকায় পুনর্নির্বাচনের ঘোষণা করেনি, যা এলাকাবাসীর ক্ষোভের অন্যতম কারণ।
বিক্ষোভকারীদের দাবি অত্যন্ত স্পষ্ট। স্থানীয়দের অভিযোগ, শাসকদলের নেতা জাহাঙ্গির খান এবং তার ঘনিষ্ঠ সহযোগী ইসরাফিলের নেতৃত্বেই এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে। অবিলম্বে এই দুজনকে গ্রেফতার করতে হবে এবং ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন করাতে হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। উপস্থিত রয়েছেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। তবে এলাকাবাসীর দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান থেকে সরতে নারাজ। ভোট পরবর্তী হিংসায় সাধারণ মানুষের এই গণবিক্ষোভ এখন গোটা এলাকায় বড়সড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।



